চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার কাশিপুর মাঠপাড়ার এক মধ্যবয়সী নারী এলাকার মানুষের কাছ থেকে সুদে টাকা নিয়ে তা পরিশোধ করতে না পেরে গলায় রশি দিয়ে আত্মহত্যা করেছেন। ঘটনাটি ঘটে মঙ্গলবার সকাল ৮ টার দিকে। তিনি কাশিপুর মাঠপাড়ার মৃত আব্দুর রশিদ মোল্যার স্ত্রী।
নিহতের ছেলে রিপন হোসেন বলেন, আমি ঢাকাতে একটি বেসরকারি প্রতিষ্ঠানে কাজ করি। আমার মা রিজিয়া খাতুন এলাকার সুদ ব্যবসায়ীদের কাছ থেকে ঋণ নিতে নিতে আর সুদের টাকা শোধ করতে গিয়ে প্রায় ২৫ বিঘা জমি শেষ করেছেন। তার পরও সুদখোরদের টাকা শোধ করতে পারিনি। আমরা সুদের টাকা শোধ করতে গিয়ে নিঃস্ব হওয়ার পরও সুদের টাকার জন্য আমাদের বিরুদ্ধে মিথ্যা মামলাও দেয়া হয়েছে। শাহজামাল নামের এক সুদখোরের মামলায় এখনো আমরা আদালতে হাজিরা দিচ্ছি। এ অবস্থায় আমার মা রিজিয়া খাতুন সুদখোরদের অত্যাচার সইতে না পেরে সোমবার রাতে সবার অজান্তে গলায় রশি দিয়ে আত্মহত্যা করেছেন।
কেডিকে ইউনিয়ন পরিষদের সংশ্লিষ্ট ওয়ার্ড মেম্বার রুবেল হোসেন বলেন, রিজিয়া খাতুন এলাকার মানুষের কাছ থেকে সুদে টাকা নিতে নিতে স্বামী ও তার বাবা-মায়ের ওয়ারিশ সূত্রে প্রাপ্ত ২৪-৩০ বিঘা জমি বিক্রি করে একবারে নিঃস্ব হয়ে গেছে। তার এক ছেলে ও এক মেয়ে তারাও এখন নিঃস্ব। তারা মা-ছেলে গ্রাম ছাড়া ছিল। সুদখোরদের টাকা পরিশোধ করতে না পেরে অবশেষে সোমবার রাতে পরিবারের সবার অজান্তে গলায় রশি দিয়ে আত্মহত্যা করেছেন।
এ দিকে এ ঘটনায় গ্রামের সচেতন মহলের দাবি, এলাকার সুদখোরদের অত্যাচারে নিঃস্ব রিজিয়া খাতুন আত্মহত্যা করতে বাধ্য হয়েছেন। তারা সুদখোরদের চিহ্নিত করে আইনে সোপর্দ করার দাবি তুলেছেন।
জীবননগর থানার ওসি এস এম জাবিদ হাসান বলেন, ঘটনার ব্যাপারে একটি অপমৃত্যু মামলা হয়েছে। পরিবারের পক্ষ থেকে সুদখোরদের ব্যাপারে লিখিত অভিযোগ দেয়া হলে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।