লালমনিরহাটের পাটগ্রামে দুই সাংবাদিকের ওপর হামলাকারীদের গ্রেফরতার ও শাস্তির দাবিতে মানবন্ধন ও প্রতিবাদ সভা পালন করা হয়েছে।
বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) সকালে উপজেলার পূর্ব চৌরঙ্গী মোড়ে জেলায় কর্মরত গণমাধ্যমকর্মীরা এই মানববন্ধন ও প্রতিবাদ সভা করে। এর আগে পাটগ্রাম উপজেলার বুড়িমারী স্থলবন্দরে মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) দুপুরে হামলার শিকার হন দুই সাংবাদিক।
ওই দিন দুপুরে বুড়িমারী স্থলবন্দরের লোন-আনলোড শ্রমিক ও সরদারদের মধ্যে সংঘর্ষের খবর সংগ্রহ করতে যায় এশিয়ান টিভির পাটগ্রাম উপজেলা প্রতিনিধি এম এ কামাল ও কালবেলা পত্রিকার মিঠু মুরাদ। এ সময় দুই গ্রুপের লোকজনেরা কামাল ও মিঠুর ওপর হামলা চালিয়ে বেধড়ক মারপিট করে ও ক্যামেরা ভাঙচুর করে। এ ঘটনায় এম এ কামাল বুধবার (১৩ সেপ্টেম্বর) রাতে পাটগ্রাম থানায় একটি অভিযোগ দেন। সাংবাদিকদের ওপর হামলার ঘটনার প্রতিবাদ জানিয়ে হামলাকারীদেরকে গ্রেফতারের দাবিতে এ মানববন্ধন ও প্রতিবাদসভা করা হয়।
এতে সভাপতিত্ব করেন প্রেসক্লাব পাটগ্রামের সিনিয়র সহসভাপতি আমিনুর রহমান বাবুল। আজকের পত্রিকার প্রতিনিধি আজিনুর রহমান আজিমের সঞ্চালনায় বক্তব্য দেন লালমনিরহাট টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি যমুনা টিভি ও আজকের পত্রিকার জেলা প্রতিনিধি আনিছুর রহমান লাডলা, সাধারণ সম্পাদক বৈশাখী টিভির তৌহিদুল ইসলাম লিটন, এনটিভি এবং কালের কণ্ঠের হায়দার আলী বাবু, হাতীবান্ধা প্রেসক্লাবের সভাপতি ও বাংলা টিভির ইলিয়াস বসুনিয়া পবন, মোহনা টিভির সুমন খান, ডিবিসি নিউজের সুফিয়ান আল হাসান, পাটগ্রাম প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও ইত্তেফাকের সংবাদদাতা আজিজুল হক দুলাল, প্রথম আলোর এ বি সফিউল আলম লাবু, ঢাকা পোস্টের নিয়াজ আহম্মেদ শিপন, জাগো নিউজ ও নিউজ ২৪ টিভির রবিউল ইসলাম, আমার সংবাদ ও গ্লোবাল টিভির রকিবুল হাসান রিপন, বণিক বার্তার মোয়াজ্জেম হোসেন, সমকালের মামুন হোসেন সরকার, আমার সংবাদের রমজান আলী এবং সকালের সময়ের মোকছেদুল ইসলাম প্রমুখ।



