গাজীপুর মহানগরীর সদর থানাধীন চাঁনপাড়া এলাকায় শিয়ালের কামড়ে কমপক্ষে ১০ জন আহত হয়েছে।

বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে চারজনের নাম পাওয়া গেছে।

আহত ওই চারজন হলেন চাঁনপাড়া এলাকার মাসুম (১৯), মৃদুল (১৭), তুষার (২০) ও সুজন (২০)।

প্রত্যক্ষদর্শী স্থানীয় মোশারফ হোসেন বলেন, সন্ধ্যা ৭টার দিকে একটি শিয়াল জঙ্গল থেকে বের হয়ে যাকে সামনে পেয়েছে তাকেই কামড়িয়ে আবার জঙ্গলে লুকিয়ে গেছে। এভাবে শিয়ালটি ১০ জনকে কামড়িয়ে জখম করেছে।

পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেছে।

ওই হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. মো: জয়রাজ হোসেন জানান, শিয়ালে কামড়ানো রোগীদের মধ্যে সাতজনকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।