জামালপুরের মেলান্দহে ছয় দিন ধরে অবরুদ্ধ অবস্থায় রয়েছে এক কৃষক পরিবার। বাড়ির চার পাশে বাঁশের বেড়া দিয়ে পরিবারটিকে অবরুদ্ধ করে রাখা হয়েছে বলে অভিযোগ উঠেছে। গত ১১ সেপ্টেম্বর সকালে উপজেলার ঝাউগড়া ইউনিয়নের মধ্যে ঝাউগড়া গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় মেলান্দহ থানায় একটি অভিযোগও দায়ের করেছেন মধ্য ঝাউগড়া গ্রামের মৃত সামছুল হকের ছেলে ভুক্তভোগী সুলতান মিয়া।
ভুক্তভোগী সুলতান জানান, ঝাউগড়া মৌজার ৯৩১ ও ৯৩২ নং দাগের ৫০ শতাংশ জমি তার বাবার কেনা। পৈতৃক সূূত্রে প্রাপ্ত হয়ে ঘরবাড়ি করে দীর্ঘদিন যাবৎ সেই ভোগদখল করে আসছেন তিনি। তিনি বলেন, আমি বাড়িতে না থাকার সুযোগে গত সোমবার সকাল ১০টায় আমার জমি জোরপূর্বক দখল করতে চার পাশে বাঁশের বেড়া দেয় একই এলাকার মৃত কছিমদ্দনের ছেলে মোস্তফা (৬০), মোস্তাফার ছেলে রাসেল (৪০), রুবেল (৩৫), রুস্তম আলীর ছেলে লিয়াকত (৫৫), লিয়াকতের ছেলে আনিছ (৩০) ও মজনুর স্ত্রী নাছিমা বেগম (৪৫)।
এ ব্যাপারে জানানার জন্য অভিযুক্তদের বাড়িতে গেলে তাদের পাওয়া যায়নি।
ঝাউগড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আঞ্জুমনোয়ারা চৌধুরী হেনা সাংবাদিকদের বলেন, আমি ঢাকায় আছি। আগামীকাল (আজ) জামালপুর আসব। তার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
মেলান্দহ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সেলিম মিঞার সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, স্থানীয় ইউপি চেয়ারম্যানের সাথে কথা বলে দ্রুততম সময়ে মধ্যে একটা ব্যবস্থা নেয়া হবে।



