মাদক সেবনের অভিযোগে খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) চার শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার, ১০ হাজার টাকা জরিমানা ও কারণ দর্শানোর নোটিশ দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। গোপন সংবাদের ভিত্তিতে গত বুধবার রাতে বিশ্ববিদ্যালয়ের ছাত্রবিষয়ক পরিচালক ও তার টিম ক্যাম্পাস-সংলগ্ন কয়েকটি মেসে অভিযান পরিচলানা করে। অভিযানে চার শিক্ষার্থী মাদক সেবনরত অবস্থায় ধরা পড়েন।
বিশ্ববিদ্যালয়ের ছাত্রবিষয়ক পরিচালক সূত্রে জানা গেছে, অভিযুক্ত চার শিক্ষার্থীকে তিন টার্ম (সেমিস্টার) বহিষ্কার ও ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। একই সাথে তাদরেকে আগামী ১০ কার্যদিবসের মধ্যে কারণ দর্শানো নোটিশের জবাব অভিভাবকদের সাথে নিয়ে দিতে বলা হয়েছে। শাস্তিপ্রাপ্ত চার শিক্ষার্থীই বিশ্ববিদ্যালয়ের নগর ও গ্রামীণ পরিকল্পনা (ইউআরপি) ডিসিপ্লিনের শিক্ষার্থী। বিশ্ববিদ্যালয়ের ছাত্রবিষয়ক পরিচালক অধ্যাপক মো: শরীফ হাসান লিমন বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, ‘গতকাল গণমাধ্যমে প্রকাশিত সংবাদের ভিত্তিতে খুলনা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক টিম বিশ্ববিদ্যালয়ের পার্শ্ববর্তী মেসগুলোতে রাতে অভিযান পরিচালনা করে। অভিযানে চার ছাত্রকে গাঁজা সেবনরত অবস্থায় পাওয়া যায়। একই সাথে আগামী ১০ কার্যদিবসের মধ্যে তাদেরকে কারণ দর্শানো নোটিশের জবাব অভিভাবকদের সাথে নিয়ে দিতে বলা হয়েছে। জবাব পাওয়ার পর ছূড়ান্ত ব্যবস্থা নেয়া হবে।’