কুমিল্লার চান্দিনায় পানিতে ডুবে আদনান শাহরিয়ার সামি (৯) ও আহনাফ (৭) নামের দুই শিশুর মৃত্যু হয়েছে। তারা আপন চাচাত ভাই।
রোববার (১৭ সেপ্টেম্বর) দুপুর আড়াইটায় চান্দিনা উপজেলার বাতাঘাসী ইউনিয়নের মোহনপুর পাড়া গ্রামে এই ঘটনা ঘটে।
নিহতরা হলো মোহনপুর গ্রামের প্রবাসী আব্দুল্লাহ আল নোমান শিবলুর ছেলে আহনাফ এবং শাহরিয়ার সুমনের ছেলে আদনান (৮)। তারা মোহনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশু শ্রেণি ও দ্বিতীয় শ্রেণির ছাত্র। আদনান শাহরিয়ার শামীর বাবা সুমন ঢাকার একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন এবং আহনাফের বাবা শিপলু দুবাই প্রবাসী।
নিহতদের ফুফাত ভাই সোহেল জানান, স্কুল থেকে ফিরে দুপুরে গোসলের সময় আদনান ও আদনান দু’জনই স্কুল থেকে ফিরে দুপুরের খাবার খেয়ে বাড়ির পাশে পুকুর পাড়ে খেলা করছিল। বেশ কিছুক্ষণ পরিবারের লোকজন তাদেরকে কোথাও খুঁজে না পেয়ে বিভিন্ন স্থানে খোঁজাখুজি শুরু করে। একপর্যায়ে শিশু আদনানের মা সোনিয়া আক্তার বাড়ির পাশের পুকুরে দুই শিশুকে জড়াজড়ি করা অবস্থায় ভাসতে দেখেন। এসময় দ্রুত তাদেরকে উদ্ধার করে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করে।
তিনি আরো জানান, ধারণা করা হচ্ছে খেলার ছলে যে কোনো একজন পানিতে পড়ে গেলে হয়তো তাকে বাঁচাতে ওই শিশুটিও নামে। তাদের কেউ সাঁতার না জানায় একে অপরকে জড়িয়ে ধরে রাখা অবস্থায় মৃত্যু ঘটে।
ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট সাদেকুর রহমান জানান, পুকুর পাড়ে খেলতে গিয়ে তারা পুকুরের ঘাটলার নিচে চলে যায়। পরে পুকুর থেকেই তাদের লাশ উদ্ধার করে স্বজনরা হাসপাতালে নিয়ে যায়।
চান্দিনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: সাহাবুদ্দীন খান জানান, বাতাঘাসী ইউনিয়নের মোহনপুরে দুই শিশু পানিতে ডুবে মৃত্যুর খবর পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে বিস্তারিত তথ্য নিশ্চিত হয়েছি।



