যশোরের শার্শা পল্লী সঞ্চয় ব্যাংকের ৩৭ লাখ টাকা আত্মসাৎ করে পালিয়ে গেছে মাঠ পরিদর্শক আরিফুজ্জামান। এ বিষয়ে শার্শা পল্লী সঞ্চয় ব্যাংকের শাখা ব্যাবস্থাপক সালমা খাতুন জানান, মাঠ পরিদর্শক আরিফুজ্জামান শার্শা ইউনিয়নের ১৭টি সমিতিরি তদারকির দায়িত্ব ছিল। সমিতির সদস্যদের ঋণ দেয়া, ঋণের কিস্তি নিয়মিত আদায় করা ছিল তার মূল দায়িত্ব। সমিতির সাধারণ সদস্যদের কাছে অত্যধিক বিশ্বস্ততাকে পুঁজি করে আরিফুজ্জামান ১৭টি সমিতির প্রায় ৮০% গ্রাহকের ঋণ নেয়ার বই কৌশলে নিজের কাছে রাখে। গ্রাহকদের বইয়ের আজ পর্যন্ত কোনো হদিস নেই। গ্রাহকদের গুনতে হচ্ছে অতিরিক্ত কিস্তির টাকা।
শাখা ব্যবস্থাপক সালমা খাতুন জানান, তৎকালীন সময় ব্র্যাঞ্চ ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করেন আশরাফুল আলম। তিনি এ ঘটনার পর অন্যত্র বদলি হয়ে গেছেন। তবে এ ব্যাপারে ফৌজদারি কার্যবিধি আইনে আদালতে একটি মামলা দায়ের করা হয়েছে। মামলাটি যশোর সিআইডি অফিসের এসআই রফিকুল ইসলাম তদন্ত করছেন। তিনি আরো বলেন, সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে আদালতে তদন্ত প্রতিবেদন দাখিল করা হবে।