জামালপুর-২ (ইসলামপুর) আসনে এমপি, ধর্ম মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী ও ইসলামপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফরিদুল হক খান দুলালের পক্ষে ইসলামপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খলিলুর রহমান।

সোমবার (১৮ সেপ্টেম্বর) রাতে ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান দুলাল এমপির পক্ষে সাধারণ ডায়েরিটি করা হয় ।

সাধারণ ডায়েরিতে উল্লেখ করা হয়- ইসলামপুরের ভাবনা নামে একটি ফেইসবুক আইডি থেকে জামালপুর-২ (ইসলামপুর) আসনের মাননীয় এমপি, ধর্ম প্রতিমন্ত্রী ও ইসলামপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফরিদুল হক খান দুলালের বিরুদ্ধে নানা অপপ্রচার চালানো হচ্ছে। এতে তার রাজনৈতিক, পারিবারিক ভাবমূর্তি বিনষ্ট হচ্ছে। ফলে তার দীর্ঘ দিনের রাজনৈতিক সুনাম ক্ষুন্ন করাসহ গত ১৫ বছর ইসলামপুরে যে অভূতপূর্ব উন্নয়ন করেছেন সেটিকে অবমূল্যায়ন করা হচ্ছে।

আইনশৃঙ্খলা বাহিনীর কাছে প্রতিকার চেয়ে ওই সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে বলে জানা গেছে।

উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খলিলুর রহমান জানান, আমার ছবি ব্যবহার করে একটি ফেইসবুক আইডি খুলে সেখান থেকে মাননীয় ধর্ম প্রতিমন্ত্রীর মান ক্ষুন্ন করার জন্য একের পর এক নানা অপপ্রচার চালানো হচ্ছে।

বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনীকে অবগত করার জন্য দলের সাংগঠনিক সম্পাদক হিসেবে আমি একটি সাধারণ ডায়েরি করেছি।

উপজেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক খোরশেদ আলম সাংবাদিকদের ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এ ব্যাপারে ইসলামপুর থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) সুমন তালুকদারের সাথে মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খলিলুর রহমানের ছবি ব্যবহার করে ইসলামপুরে ভাবনা নামে একটি ফেইসবুক আইডি খোলে মাননীয় ধর্ম প্রতিমন্ত্রী মহোদয়ের বিরুদ্ধ বিভ্রান্তিকর তথ্য প্রচার করা হচ্ছে। তাই তিনি থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন।

ওসি সুমন তালুকদার বলেন, এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার জন্য ময়মনসিংহের সাইবার ট্রাইবুনালে অনুমতির জন্য প্রেরণ করা হবে। সাইবার ট্রাইবুনালের অনুমতি পেলে পুলিশের বিশেষ শাখার মাধ্যমে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হবে।