বরগুনার বেতাগীতে সরকারি বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের (বিআরডিবি) অফিসে অভিযান চালিয়ে জুয়ার আসর থেকে সাবেক ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান খ ম ফাহরিয়া সংগ্রাম আমিনুলসহ পাঁচজনকে আটক করেছে ডিবি পুলিশ।
মঙ্গলবার রাত সাড়ে ১১টায় বিআরডিবির বেতাগী উপজেলা অফিসের মধ্যে জুয়ার আসর চলাকালীন তাদেরকে আটক করা হয়।
বিষয়টি বেতাগী থানার অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ার হোসেন নিশ্চিত করেছেন।
বরগুনা ডিবি অফিস সূত্রে জানা যায়, বেতাগী উপজেলার সরকারি বিআরডিবি অফিসে জুয়ার আসর বসায় স্থানীয় চক্র। মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ওই সরকারি অফিস থেকে জুয়া খেলার সরঞ্জামাদি ও নগদ ২৮ হাজার ২৪০ টাকাসহ পাঁচজনকে আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন বেতাগী সদর ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান খ ম ফাহরিয়া সংগ্রাম আমিনুল, দক্ষিণ বেতাগী গ্রামের বাসিন্দা মরহুম আব্দুল গনির ছেলে মো: শাহজালাল, উত্তর বেতাগী গ্রামের বাসিন্দা মরহুম হেমায়েত উদ্দিনের ছেলে জসিম উদ্দিন, কেওড়াবুনিয়া গ্রামের বাসিন্দা মরহুম সৈয়দ আলীর ছেলে তোফাজ্জল হোসেন, ঝোপখালী গ্রামের বাসিন্দা মরহুম আইউব চানের ছেলে মো: ইউনুস। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
বেতাগী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: আনোয়ার হোসেন বলেন, ‘বরগুনা ডিবি পুলিশের অভিযানে জুয়ার আসর থেকে পাঁচজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় এখনো মামলা হয়নি, তবে মামলার প্রস্তুতি চলছে। আটকদের বরগুনা ডিবি অফিসে জিজ্ঞাসাবাদের জন্য নেয়া হয়েছে।’



