নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরীর আশ্বাসে ধর্মঘট প্রত্যাহার করেছে বুড়িমারী স্থলবন্দরের শ্রমিকরা। ছয় দিন পর বুধবার (২০ সেপ্টেম্বর) কাজে যোগ দিয়েছে আন্দোলনরত লোড-আনলোড শ্রমিকরা। এই ছয় দিন বুড়িমারী স্থলবন্দরে ভারত ও ভুটান থেকে আমদানিকৃত পণ্যবাহী শত শত ট্রাক লোডআনলোডের অপেক্ষায় সড়কের ওপরে দাঁড়িয়ে ছিল।
এর আগে মঙ্গলবার বিকেলে প্রতিমন্ত্রী বুড়িমারী স্থলবন্দর কতৃপক্ষের হলরুমে স্থানীয় প্রশাসন কাস্টম সিঅ্যান্ডএফ ব্যবসায়ী ও শ্রমিক নেতাকে নিয়ে মতবিনিময় সভা করেন।
সভায় প্রতিমন্ত্রী বলেন, আন্দোলনরত শ্রমিকদের দাবি যৌক্তিক। তারা সঠিক অধিকার না পাওয়ায় কাজ বন্ধ রেখেছে। এখানকার ট্রেড ইউনিয়নগুলো সঠিকভাবে গঠিত হলে শ্রমিকদের এই আন্দোলনের প্রয়োজন হতো না।
তিনি শ্রমিকদের কাজে ফেরার আহ্বান জানিয়ে বলেন, কোনো কিছুর সমাধান কাজ বন্ধ রেখে হয় না।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য মোতাহার হোসেন, লালমনিরহাট জেলা পরিষদের চেয়ারম্যান মতিয়ার রহমান, বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের সদস্য জাহাঙ্গীর কবীর, জেলা প্রশাসক মোহাম্মহ উল্যাহ, পুলিশ সুপার সাইফুল ইসলাম, পাটগ্রাম উপজেলা পরিষদ চেয়ারম্যান ও বুড়িমারী স্থলবন্দর আমদানি-রফতানি গ্রুপের সভাপতি রুহুল আমিন বাবুল, উপজেলা নির্বাহী কর্মকর্তা নুরুল ইসলাম, বুড়িমারী কাস্টমসের ডেপুটি কমিশনার আব্দুল আলীম, স্থলবন্দরের উপ-পরিচালক (ট্রাফিক) গিয়াস উদ্দিন, থানার অফিসার ইনচার্জ (ওসি) ফেরদৌস ওয়াহিদ প্রমুখ।
১২ সেপ্টেম্বর শ্রমিকদের কাজের সিরিয়াল দেয়াকে কেন্দ্র করে সাধারণ শ্রমিক ও দায়িত্বরত সর্দার গ্রুপের শ্রমিকদের মধ্যে সংঘর্ষ হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ রাবার বুলেট ও টিয়ার শেল নিক্ষেপ করে। এতে সাংবাদিকসহ ১৫ জন আহত হয়।
এ ঘটনার জেরে ১৪ সেপ্টেম্বর থেকে নির্বাচনের মাধ্যমে শ্রমিক নেতা নির্বাচন, সঠিক সিরিয়াল, শ্রমিকদের ন্যায্য মজুরি, লেবার হ্যান্ডেলিং ঠিকাদারের কাছ থেকে সরাসরি মজুরি নেয়াসহ ১০ দফা দাবিতে কাজ বন্ধ রেখে আন্দোলন শুরু করে বুড়িমার স্থলবন্দরের লোডআনলোড শ্রমিকেরা।
পরে জেলা প্রশাসক পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেন। ওই কমিটি দফায় দফায় চেষ্টা করেও শ্রমিকদের কাজে ফেরাতে পারেনি। অবশেষে নৌপরিবহন প্রতিমন্ত্রীর সমস্যা সমাধানের আশ্বাসে শ্রমিকরা কাজে যোগ দিয়েছে।
এ বিষয়ে শ্রমিক নেতা সাজ্জাদ হোসেন বলেন, ‘প্রতিমন্ত্রীর আশ্বাসে শ্রমিকরা বুধবার থেকে কাজে যোগ দিয়েছে। তিনি স্থানীয় প্রশাসনকে দ্রুত সমস্যা সমাধানের নির্দেশ দিয়েছেন।’



