কুমিল্লার চান্দিনায় ওসমান (১১) নামে এক শিক্ষার্থী নিখোঁজ হওয়ার পরদিন পুকুরে মিলেছে তার লাশ।
বুধবার (২০ সেপ্টেম্বর) সকাল ৭টায় উপজেলার শুহিলপুর ইউনিয়নের শালিখা গ্রামের একটি পুকুর থেকে তার লাশ উদ্ধার করেছে পরিবারের লোকজন।
ওসমান ওই গ্রামের সালাউদ্দিন সিকদারের ছেলে এবং স্থানীয় একটি মাদরাসার নূরানি বিভাগের ছাত্র।
ওসমানের দাদা মো: জয়নাল আবেদীন জানান, ‘মঙ্গলবার আসরের নামাজের পর থেকে আমার নাতিকে কোথাও খুঁজে পাওয়া যায়নি। তাকে কোথাও খুঁজে না পেয়ে আমার ছেলেকে (ওসমানের বাবা) ফোন করে জানালে সে ঢাকা থেকে এসেও অনেক খোঁজাখুঁজি করে। বুধবার সকাল ৭টায় বাড়ির পাশের পুকুরে মসজিদের ইমাম গোসল করতে গেলে ওসমানের ভাসমান লাশ দেখতে পান। পরে স্থানীয়দের সহযোগিতায় লাশ উদ্ধার করে পারিবারিক কবরস্থানে দাফন করি।’
শুহিলপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো: আবু বকর সিদ্দিক জানান, ‘বিষয়টি আমি শুনেছি। মঙ্গলবার ছেলেটির সন্ধান পাওয়া যায়নি। বুধবার সকালে পাড়ির পাশের একটি পুকুর থেকে তার লাশ উদ্ধার করেছে স্বজনরা। তবে প্রকৃত ঘটনা কি তা সঠিক বলতে পারব না।’
চান্দিনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: সাহাবুদ্দিন খাঁন জানান, ‘ঘটনাটি শুনেছি। পরিবারের পক্ষ থেকে কেউ কোনো অভিযোগ করেনি।’
বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলেও জানান ওসি।



