কেন্দ্রীয় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির যুগ্ম-মহাসচিব হাবিবুন্নবী খান সোহেল বলেছেন, সরকার জগাখিচুরি মার্কা নির্বাচন করে জনগণের ভোগাধিকার নষ্ট করেছে।

বুধবার বেলা ১২টায় কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে কিশোরগঞ্জের ভৈরবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

এক দফা দাবি আদায়ের লক্ষ্যে বৃহস্পতিবার ভৈরব টু সিলেট রোড মার্চ সফল করার উদ্দেশে বিএনপির ভৈরব উপজেলা ও পৌর শাখা এর আয়োজন করে।

হাবিবুন্নবী খান সোহেল বলেন, একদফা দাবি বিএনপি ক্ষমতায় আসার দাবি নয়। জনগণের অধিকার আদায়ের দাবি। সরকার জগাখিচুরি মার্কা নির্বাচন করে জনগণের ভোগাধিকার নষ্ট করেছে। বিগত কয়েকটি নির্বাচনে মানুষ বুঝতে পেরেছে তাদের ভোটাধিকার নেই। দেশের গণতন্ত্র হারিয়েছে। মানুষের ভোটাধিকার ফিরিয়ে আনতে আমরা রাজপথে নেমেছি। দেশের অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করায় জনগণ আওয়ামী লীগকে ক্ষমতায় দেখতে চায় না।

তিনি বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি মানুষকে অতিষ্ঠ করে তুলেছে। পকেট ভর্তি টাকা নিয়ে গেলেও পণ্যের দাম বেশি থাকায় খালি ব্যাগ নিয়ে ঘরে ফিরতে হচ্ছে। জনগণ আজ অতিষ্ঠ হয়ে সরকার পতনে বিএনপির সাথে ঐক্যবদ্ধ হয়েছে।

তিনি আরো বলেন, জননেত্রী খালেদা জিয়া অসুস্থ হয়ে সঙ্কটাপন্ন অবস্থায় রয়েছেন। দেশে চিকিৎসার পাশাপাশি বিদেশী চিকিৎসার প্রয়োজন থাকলেও তিনি বিদেশে চিকিৎসার জন্য যেতে পারছেন না। তিনি ন্যায় বিচার পাননি। একদফা লড়াই বিজয়ের দ্বারপ্রান্তে এসে গেছে। অবৈধ সরকার বাধ্য হয়ে পদত্যাগ করতে হবে। জনগণ আওয়ামী লীগকে আর ক্ষমতায় দেখতে চায় না।

সহ-সাংগঠনিক সম্পাদক ও কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি শরিফুল আলম বলেন, জনগণের অধিকার ফিরিয়ে আনতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে একদফা দাবি আদায়ের লক্ষ্যে আগামীকাল সকাল ৯টায় ভৈরব দুর্জয় মোড় বাসস্ট্যান্ড এলাকায় কেন্দ্রীয় নেতারাসহ বিএনপি নেতাকর্মীরা ভৈরব টু সিলেট রোড মার্চ সফল করতে ঐক্যবদ্ধ হবে। এখন পর্যন্ত প্রশাসনিক কোনো বাধার মুখে পড়েনি। তাই আশা করছি রোড মার্চটি সফল হবে। তিনি ভৈরব প্রশাসনসহ বিএনপি ও তার সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মী এবং সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।

যদি কোনো কারণে প্রশাসন বা আওয়ামী লীগ দ্বারা প্রতিবন্ধকতা সৃষ্টি হয় তাহলে জনগণকে সাথে নিয়ে তা প্রতিহত করবেন বলেও জানান তিনি।

এ সময় অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন, ভৈরব উপজেলা বিএনপি সভাপতি রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম, পৌর বিএনপি সভাপতি মো: শাহিন, সাধারণ সম্পাদক মজিবুর রহমান প্রমুখ।

এছাড়াও সংবাদ সম্মেলনে পৌর ও উপজেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলের নেতারা উপস্থিত ছিলেন।