চাঁদপুর শহরের বাবুরহাট এলাকা থেকে ১০ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ সাদিকুর রহমান রনি (৩৮) নামের মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য ৩০ লাখ টাকা বলে জানিয়েছে পুলিশ। শুক্রবার ভোরে শহরের বাবুরহাট জমজম সুইটসের সামনে থেকে তাকে আটক করে চাঁদপুর সদর মডেল থানা পুলিশ। আটক সাদিকুর রহমান রনি জেলার হাজীগঞ্জ উপজেলার সোনাইমুড়ি গ্রামের বজলুর রহমানের ছেলে।
দুপুরে চাঁদপুর সদর মডেল থানা পুলিশ জানায়, শহরের বাবুরহাট মোড়ের জমজম সুইটসের সামনে চাঁদপুর সদর মডেল থানার ওসি শেখ মুহসীন আলমের নেতৃত্বে মাদক বিরোধী অভিযান চালানো হয়।
চাঁদপুর সদর মডেল থানার ওসি শেখ মুহসীন আলম বলেন, আটক ব্যক্তির বিরুদ্ধে থানায় মামলা হবে। মাদকের বিরুদ্ধে পুলিশ জিরো টলারেন্স অবস্থানে রয়েছে। আমরা সেই লক্ষ্যে কাজ করছি।