নোয়াখালীর চাটখিল পৌরসভার ৩ নং ওয়ার্ডের পূর্ব-সুন্দরপুর এলাকার ফটিক্কা বাড়ির নির্জন সুপারি বাগানে দুর্বৃত্তদের হাতে খুন হওয়া এক যুবকের গলা কাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত আনোয়ার হোসেন রনি (২৭) সুন্দরপুর গ্রামের ফলোয়ান বাড়ির মৃত শাহজাহানের ছেলে। তিনি পেশায় সিএনজি অটোচালক এবং দুই সন্তানের জনক।
ওই বাড়ির বাসিন্দা প্রত্যক্ষদর্শী ইসমাইল হোসেন জানান, বাগানটি অনেক বড় এবং ঝোপঝাড়ে ভরা থাকায় তারা কেউ যান না। সকাল সাড়ে ৬টায় পাশের বাড়ির কয়েকটি শিশু সুপারি খুঁজতে গিয়ে লাশ দেখতে পেয়ে আমাদের জানায়। বাড়ির লোকজন জানতে পেরে বাগানে যায় এবং গলা কাটা লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়।
এ দিকে আশপাশের লোকজন জানতে পেরে জড়ো হতে থাকে। পাশে ঝোপের মধ্যে একটি ধারালো দা পড়ে থাকতে দেখা যায়।
চাটখিল থানার ওসি (তদন্ত) আবু জাফর জানান, থানার এসআই নুরুল আমিনের নেতৃত্বে পুলিশের একটি টিম আলামত, তথ্য ও লাশ সংগ্রহ করে থানায় নিয়ে এসেছে। লাশ ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।



