কুষ্টিয়ার কুমারখালীতে জলাশয় থেকে ভ্যানচালকের লাশ উদ্ধার করা হয়েছে। শনিবার দিবাগত রাত ১টার দিকে তারাপুর বাজার সংলগ্ন জলাশয় থেকে তার লাশ উদ্ধার করা হয়।
নিহত ভ্যানচালক যদুবয়রা ইউনিয়নের কেশবপুর গ্রামের খায়রুল হোসেনের ছেলে মাজেদ হোসেন।
স্থানীয়রা জানান, রাত ১টার দিকে পানির মধ্যে ভ্যান পড়ে থাকতে দেখে তারা পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে এসে স্থানীয়দের সহযোগিতায় ভ্যান উদ্ধার করতে গিয়ে ভ্যানের নিচে চালকের লাশ দেখতে পায়। পরে ভ্যানসহ চালকের লাশ উদ্ধার করে থানা পুলিশ।
নিহতের বাবা খাইরুল হোসেন জানান, তার ছেলের মৃগী রোগ ছিল। প্রতিদিনের মতো তার ছেলে মাজেদ ভ্যান নিয়ে বের হয় কিন্তু গভীর রাত পর্যন্ত বাড়িতে ফিরে না আসায় তারা খুঁজতে বের হন। পরে সংবাদ পেয়ে তারাপুর বাজার সংলগ্ন জলাশয় থেকে উদ্ধার করা লাশ ছেলের বলে শনাক্ত করেন।
কুমারখালী থানার ওসি আকিবুল ইসলাম জানান, ভ্যানচালকের লাশ উদ্ধার করা হয়েছে। লাশে ময়নাতদন্তের জন্য পাঠানো হবে। রিপোর্ট আসার পর মৃত্যুর কারণ জানা যাবে।



