কুমিললার দেবিদ্বারে জনসাধারণের চলাচলের রাস্তার জায়গা দখল ও রাস্তা নির্মাণের প্রতিবাদে মানববন্ধন করেছে এলাকাবাসী। রোববার সকালে পৌর এলাকার ৭ নম্বর ওয়ার্ডের বিজলীপাঞ্জার এলাকায় তিন গ্রামের কয়েক শ’ অধিবাসী এ কর্মসূচি পালন করেন।
কর্মসূচিতে বক্তব্য রাখেন- ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হাকিম হাজারী, সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন ভূঁইয়া, সহসভাপতি নজরুল ইসলাম, ওয়ার্ড কাউন্সিলর বাছির উদ্দিন মোল্লা, ওয়ার্ড যুবলীগের সভাপতি নুরু নবী, মুক্তিযোদ্ধা নায়েব আলী, মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম হাজারী প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, ফতেহাবাদ থেকে চাঁপানগর হয়ে ইকরা নগরী পর্যন্ত প্রায় দুই কিলোমিটার এলাকায় খাল খনন করে খালের পাড় বরাবর একটি রাস্তার নির্মাণকাজ চলছিল। রাস্তার মাটি ফেলার কাজ চলাকালে স্থানীয় প্রভাবশালী ময়নাল হোসেন বাড়ির পাশে কাজে বাধা দেন। এতে রাস্তা নির্মাণের কাজ বন্ধ হয়ে যায়।
বক্তারা আরো বলেন, এই রাস্তাটি ২০০ বছরের প্রাচীন একটি গো-পাট (কৃষকদের গবাদিপশু আনা নেয়া ও ফসলের জমিতে চলাচলের পথ)। ময়নাল হোসেন গো-পাট দখল করে বাড়ির সীমানা প্রাচীর নির্মাণ করেছেন এবং বিভিন্ন গাছপালা রোপণ করেছেন। এটি বন্ধ থাকায় স্থানীয়রা চলাচলে ভোগান্তির শিকার হচ্ছে। অন্যরা যেখানে রাস্তার জন্য নিজেদের বসতভিটা ছেড়ে দিচ্ছেন, সেখানে তিনি দখল না ছেড়ে, উল্টা স্থানীয় কয়েকজনের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করেছেন। রাস্তা বন্ধ হওয়ায় চাঁপানগর, বিজলীপাঞ্জার, সাইলচর-সহ আশপাশের গ্রামের কৃষকরা কৃষিজমিতে চলাচল করতে পারছেন না। ময়নাল হোসেনের কবল থেকে সরকারি জায়গা দখলমুক্ত করে রাস্তা নির্মাণের দাবি জানান তারা।
এ বিষয়ে অভিযুক্ত ময়নাল হোসেন বলেন, আমি আমার নিজের জায়গায় সীমানা প্রাচীর নির্মাণ করেছি। এখানে কোনো সরকারি রাস্তা নেই।