ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় স্কুলছাত্রীদের ইভটিজিং করার দায়ে মাসুম (২৪) নামে এক বখাটে যুবককে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার বীরগাঁও স্কুল অ্যান্ড কলেজের সামনে থেকে ইভটিজিংয়ের সময় অভিভাবকরা তাকে আটক করে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করে।

মাসুম কৃষ্ণনগর ইউনিয়নের গৌরনগর গ্রামের রফিকুল ইসলামের ছেলে।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদা জাহান বলেন, মাসুম প্রায় সময় বিদ্যালয়ের সামনে দাঁড়িয়ে মেয়েদের উত্যক্ত করত। এছাড়া সে অনেক মেয়ের সাথে সম্পর্ক করে মোবাইলে আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল করত। মঙ্গলবার বীরগাঁও স্কুল অ্যান্ড কলেজের সামনে দাঁড়িয়ে এক শিক্ষার্থীকে ইভটিজিং করার সময় অভিভাবকরা তাকে আটক করে আমাদের খবর দেয়। সেখানে গিয়ে অভিযোগের সত্যতা মেলে।

তার মোবাইলেও একাধিক মেয়ের সাথে আপত্তিকর ভিডিও এবং ছবি পাওয়ায় তার মোবাইল ফোনটি জব্দ করা হয়েছে।

তিনি আরো বলেন, এই ঘটনায় মাসুমের বিরুদ্ধে অভিযোগের সত্যতা পাওয়ায় তাকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে। একইসাথে তিনি জেল থেকে বের হওয়ার পর এমন ঘটনার পুনরাবৃত্তি করবে না মর্মে মুচলেকা দিয়েছেন।

জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকার কথা জানিয়ে তিনি আরো বলেন, কোথাও কোনো ইভটিজিংয়ের ঘটনা ঘটলে সাথে সাথে উপজেলা প্রশাসনকে অবগত করুন।

পরে ওই যুবককে থানাকান্দির ফাঁড়ির ইনচার্জ এসআই আশ্রাফের হাতে সোপর্দ করা হয়।