পটুয়াখালীর আউলিয়াপুরে চাঞ্চল্যকর শিশু রাতুলকে হত্যা ও লাশ গুমের ঘটনায় দুই আসামিকে গ্রেফতার করেছে থানা পুলিশ। সেই সাথে আসামি কর্তৃক বিপুল পরিমাণ চুরির মালামালও উদ্ধার করা হয়েছে।
গতকাল মঙ্গলবার দুপুরে পটুয়াখালী পুলিশ সুপারের কার্যালয়ে এক প্রেস ব্রিফিং-এ পুলিশ সুপার সাইদুল ইসলাম এ তথ্য জানান। তিনি জানান, গত ১৯ সেপ্টেম্বর গভীর রাতে আসামিরা আউলিয়াপুরের গোলাম রহমান লিটনের বসত ঘরে প্রবেশ করে খাবারের সাথে নেশা জাতীয় দ্রব্য মিশিয়ে সুকৌশলে ঘরের সবাইকে অচেতন করে ফেলে। এর পর বসত ঘর সংলগ্ন ডেকোরেটর দোকানে গিয়ে মূল্যবান মালামাল চুরি করে। চুরির মালামাল নিয়ে চলে যাওয়ার সময় তারা অজ্ঞাত কোনো এক কারণে গোলাম রহমান লিটনের ১০ বছরের শিশু সন্তান রাতুলকেও অপহরণ করে নিয়ে যায়। এ সংক্রান্ত একটি মামলা হলে পুলিশের একটি টিম রহস্য উদঘাটনের জন্য তৎপর হয়ে উঠে।
এ ঘটনায় নানা তথ্য-উপাত্ত ও আলামত সংগ্রহ করে প্রযুক্তির সহায়তায় অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল মোহাম্মদ সাজেদুল ইসলাম সজলের নেতৃত্বে সদর থানার একটি আভিযানিক দল গত ২৫ সেপ্টেম্বর রাতে অভিযান চালিয়ে সদর উপজেলার জৈনকাঠী ইউনিয়নের সেহাকাঠী গ্রাম থেকে ঘটনার সাথে জড়িত আনোয়ার হোসেন (৪৫) ও হানিফ হাওলাদারকে (৪১) গ্রেফতার করে।