প্রবাসীর স্ত্রীর বিরুদ্ধে অনৈতিক সম্পর্কের অপবাদ দিয়ে নগদ ৫০ হাজার টাকা ও গোয়ালের গরু ছিনিয়ে নিলো মাতব্বররা। ঘটনাটি ঘটেছে মানিকগঞ্জের সিংগাইর উপজেলার ধল্লা ইউনিয়নের খাসেরচর গ্রামে।
স্থানীয় বাসিন্দা ও ভুক্তভোগী প্রবাসীর স্ত্রী জিয়াসমিনের সাথে কথা বলে জানা গেছে, গত ২৩ সেপ্টেম্বর পাশর্^বর্তী সাভার উপজেলার ফুলবাড়িয়া এলাকার আলামিন তাদের বাড়িতে বেড়াতে আসেন। রাতে প্রতিবেশী সেলিম স্থানীয় লোকজন নিয়ে অনৈতিক সম্পর্কের অভিযোগ এনে ওই নারী ও আলামিনকে আটক করে। সেই সাথে আলামিনকে মারধর করে অনৈতিক কাজের স্বীকারোক্তি আদায় করেন তারা। ভোররাতে সাবেক ইউপি মেম্বার আরিফুর ইসলামের নেতৃত্বে সালিশ বৈঠকে ওই দু’জনকে ১ লাখ টাকা জরিমানা করা হয়। জরিমানার নগদ ৫০ হাজার টাকা আদায় করলেও বাকি ৫০ হাজার টাকার জন্য গোয়ালের একটি গরুও নিয়ে নেন তারা। গরুটি ওই এলাকার সিরু মিয়ার ছেলে আব্বাছের বাড়িতে রাখা হয়েছে বলে জানা গেছে।
ভুক্তভোগী প্রবাসীর স্ত্রী অভিযোগ করে বলেন, আলামিন সম্পর্কে আমার বিয়াই। বাড়ি থেকে রাগ করে আমার বাড়িতে বেড়াতে আসে। আর এ সুযোগে আরিফ মেম্বার ও সেলিমসহ অনেকে মিথ্যা অপবাদ দিয়ে আমার কাছ থেকে ৫০ হাজার টাকা ও একটি গরু নিয়ে যায়। তবে বাকি ৫০ হাজার টাকা পরিশোধ করলে গরুটি ফেরত দিবে বলে জানায়।
এ ব্যাপারে আরিফ মেম্বার বলেন, ঘটনাটি আমি শুনেছি। এর সাথে আমি জড়িত নই। এ দিকে অভিযুক্ত প্রতিবেশী সেলিমের বাড়িতে গিয়ে তাকে পাওয়া যায়নি।