লালমনিরহাটের পাটগ্রামে নির্বাচনী প্রচারণা শুরু করেছেন আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী সোনালী ব্যাংকের সাবেক এমডি (সিইও) ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য মো: আতাউর রহমান প্রধান।
পাটগ্রাম ও হাতীবান্ধা উপজেলা নিয়ে লালমনিরহাট-১ আসন। এ আসনে আওয়ামী লীগের বাকি দু’জন মনোনয়নপ্রত্যাশী হলেন বর্তমান সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি মোতাহার হোসেন, পাটগ্রাম উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রুহুল আমিন বাবুল।
এই তিনজনই দলীয় মনোনয়ন পাবেন বলে আশাবাদী। ইতোমধ্যে আতাউর রহমান প্রধান উপজেলার বিভিন্ন এলাকায় গণসংযোগ শুরু করেছেন।
বুধবার বিকেলে তিনি শতাধিক মোটরসাইকেলের বহর নিয়ে দহগ্রাম ইউনিয়নের আঙ্গরপোতা, কুচলীবাড়ি ইউনিয়নের পানবাড়িসহ বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন। এর আগে তিনি শ্রীরামপুর জগতবেড় বুড়িমারী বাউরাসহ বেশ কয়েকটি এলাকায় বহর নিয়ে গণসংযোগ করেন।
আতাউর রহমান বলেন, ‘এত দিন চাকরি করেছি। এখন রাজনীতিতে এসেছি। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যদি আমাকে মনোনয়ন দেন, তাহলে জনগণের সমর্থন নিয়ে জাতীয় সংসদে যেতে চাই। সামনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন, আমি নৌকার পক্ষে কাজ করছি। আওয়ামী লীগ যদি আবার ক্ষমতায় আসে, তাহলে বিগত দিনে দেশে যে উন্নয়ন হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে, দেশ আরো সামনে এগিয়ে যাবে।’
গণসংযোগের অংশ হিসেবে বৃহস্পতিবার হাতীবান্ধা উপজেলার বিভিন্ন ইউনিয়নে নেতাকর্মীদের নিয়ে ব্যাপক গণসংযোগ করেন তিনি। তার এই গণসংযোগ শুক্রবার ও শনিবার চলবে বলেও তিনি জানিয়েছেন।



