কিশোরগঞ্জ ভৈরবে ফুটবল খেলাকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে উভয়ক্ষের ১০ জন আহত হয়েছে। এ সময় ভাঙচুর ও লুটপাট করা হয়েছে স্কুল, মাদরাসা ও দোকানপাট।

শুক্রবার (২৯ সেপ্টেম্বর) সকালে উপজেলার শিবপুর ইউনিয়নের ছনছাড়া ও ভাটি কৃষ্ণনগর গ্রামে এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেন ভৈরব থানা অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মাকছুদুল আলম।

স্থানীয়রা জানায়, শুক্রবার বেলা ১১টায় কৃষ্ণনগর গ্রামের ছেলেরা ছনছাড়া এতিম খানা মাঠে ফুটবল খেলতে নামে। খেলা শেষে ছনছাড়া গ্রামের ছেলেরা মাঠ ছেড়ে দিতে বলে। এক মাঠে একাধিক দল খেলা যায় না বলে এ নিয়ে দুই গ্রামের যুবকদের বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে তাদের মধ্যে মারামারি হয়।

ছনছাড়া ৪ নম্বর ওয়ার্ডে সদস্য হারুণ মিয়া জানান, কৃষ্ণনগর গ্রামের যুবকরা সকালে মাঠে ফুটবল খেলা শেষ করে মাঠ দখল করে রাখে। ছনছাড়া গ্রামের যুবকদের মাঠে ফুটবল খেলতে দেয়নি। ওই সময় ছনছাড়া গ্রামের যুবকরা কৃষ্ণনগর গ্রামের যুবকদের ওপর চড়াও হলে বিষয়টি মারামারিতে লিপ্ত হয়। ঘটনার এক ঘণ্টা পর কৃষ্ণনগর গ্রামের যুবকরা ছনছাড়া গ্রামে হামলা চালায়। তারা ছনছাড়া এতিমখানা, মাদরাসা, স্কুলসহ প্রায় ৪০টি দোকাটপাট ভাঙচুর করে লুটপাট করে।

কৃষ্ণনগর ৩ নম্বর ওয়ার্ডের সদস্য জামাল মিয়া জানান, কৃষ্ণনগর গ্রামের যুবকরা ছনছাড়া মাঠে খেলার সময় সেখানে স্থানীয় যুবকরা খেলতে বাধা দেয়। এ সময় তাদের মধ্যে মারামারি হয়। কৃষ্ণনগর গ্রামের ১০ যুবককে আহত করে। এতে কৃষ্ণনগর গ্রামের লোকজন ক্ষিপ্ত হয়ে ছনছাড়া গ্রামের ভাঙচুর করে।

ভৈরব থানা অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মাকছুদুল আলম বলেন, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ভাঙচুর হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গেলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। এ বিষয়ে অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।