মানিকগঞ্জের সিংগাইরে এক ব্যক্তিকে মুক্তিযোদ্ধার সনদ বানিয়ে দেয়ার শর্তে তিন লাখ ৭০ হাজার টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ উঠেছে জেলা যুব মহিলা লীগের যুগ্ম আহ্বায়ক সালেহা জাহানের বিরুদ্ধে। এ সংক্রান্ত একটি ফোনালাপ সামাজিক যোগাযোগ মাধ্যমে ফাঁস হওয়ার পর বিষয়টি নিয়ে বেশ চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনাটি প্রকাশ পাওয়ায় সংশ্লিষ্ট পরিবারকে নানাভাবে হুমকি-ধমকি দেয়ারও অভিযোগ
পাওয়া গেছে।
মানিকগঞ্জ-২ আসনের সংসদ সদস্য কণ্ঠশিল্পী মমতাজ বেগমের ঘনিষ্ঠজন হিসেবে পরিচিত সালেহা জাহান নিজেকে সংসদ সদস্যের মেয়ে পরিচয় দিয়ে এলাকায় দাপিয়ে বেড়ান। দীর্ঘ দিন প্রবাসে থাকলেও সংসদ সদস্য মমতাজ বেগমের বাসায় কাজ করতে গিয়ে রাজনীতিতে পদার্পণ তার। তিনি সিংগাইর উপজেলা যুবলীগের মহিলা বিষয়ক সম্পাদক। সিংগাইর উপজেলার বায়রা এলাকার ভুক্তভোগী কলেজ শিক্ষার্থী গীতা সরকার জানান, তার বাবা গৌর চন্দ্র সরকার একজন বেহালা বাদক। মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছেন সক্রিয়ভাবে। প্রমাণ হিসেবে রয়েছে ক্যাপ্টেন আব্দুল হালিম চৌধুরী ও যুদ্ধকালীন জেলা কমান্ডারের সার্টিফিকেট। অথচ মুক্তিযোদ্ধার তালিকায় তার নাম অন্তর্ভুক্ত হয়নি। বাবার নাম মুক্তিযোদ্ধার তালিকাভুক্ত করতে তিনি বিভিন্ন দফতরে ঘুরেছেন। কিন্তু সবাই বলেছে টাকা ছাড়া কিছু হবে না। যুব মহিলা লীগ নেত্রী সালেহা জাহান তার পূর্ব পরিচিত হওয়ায় তাকে বিষয়টি জানালে তিনি অল্প সময়ের মধ্যে মুক্তিযোদ্ধার তালিকায় নাম অন্তর্ভুক্ত করতে পারবেন বলে আশ্বাস দেন। এ জন্য পাঁচ লাখ টাকা দাবি করেন তিনি। দুই দফায় ৩ লাখ ৭০ হাজার টাকা নেন সালেহা জাহান। বাকি টাকা কাজের পর দেয়া হবে বলে কথা হয়।
গীতা সরকার আরো বলেন, আমার ব্যক্তিগত হিসাব নম্বর থেকে তার ব্যাংক হিসাব নম্বরে আরটিজিএসের মাধ্যমে সাড়ে তিন লাখ টাকা দিয়েছি। নগদ দিয়েছি ২০ হাজার টাকা। ব্যাংকে টাকা ট্রান্সফারের রসিদও আমার কাছে আছে। কিন্তু দুই বছর পেরিয়ে গেলেও সালেহা জাহান বাবার নাম মুক্তিযোদ্ধার তালিকায় অন্তর্ভুক্ত করতে পারেননি। যে কারণে তার কাছে টাকা ফেরত চাই। অনেক দিন ঘুরানোর পর কিছু টাকা ফেরত দেন তিনি। কিন্তু বাকি টাকা ফেরত না দিয়ে উল্টো আমাকে হুমকি-ধমকি দিচ্ছেন তিনি।
মানিকগঞ্জ জেলা যুব মহিলা লীগের আহ্বায়ক রোমেজা আক্তার খান মাহিন বলেন, যুগ্ম আহ্বায়ক সালেহা জাহানের টাকা নেয়ার ঘটনা শুনেছি। বিষয়টি কেন্দ্রীয় সভানেত্রীকে জানানো হয়েছে। ঘটনা তদন্ত করে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে।
এ ব্যাপারে বাংলাদেশ যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক শারমিন সুলতানা লিলি বলেন, বিষয়টি খতিয়ে দেখে সাংগঠনিকভাবে ব্যবস্থা নেয়া হবে।
সিংগাইরে মুক্তিযোদ্ধার সনদ নিয়ে যুব মহিলা লীগ নেত্রীর অর্থ বাণিজ্য!
মানিকগঞ্জের সিংগাইরে এক ব্যক্তিকে মুক্তিযোদ্ধার সনদ বানিয়ে দেয়ার শর্তে তিন লাখ ৭০ হাজার টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ উঠেছে জেলা যুব মহিলা লীগের যুগ্ম আহ্বায়ক সালেহা...



