বাগেরহাটের মোরেলগঞ্জে রানী বেগম (৩০) নামে এক গৃহবধূকে গাছে বেঁধে নির্যাতনের অভিযোগে একজনকে গ্রেফতার করা হয়েছে।

শুক্রবার রাতে নির্যাতিতা গৃহবধূ রানী বেগম মামলাটি দায়ের করেছেন। পুলিশ রাতেই এ মামলার এজাহার নামীয় আসামি আকলিমা বেগমকে (৩২) গ্রেফতার করে। তাকে শনিবার বাগেরহাট আদালতে পাঠানো হয়েছে। রানী বেগমকে গাছে বেঁধে পেটানোর সাথে আকলিমা বেগম সরাসরি জড়িত ছিলেন বলে অভিযোগ পাওয়া গেছে।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার বিকেলে বলইবুনিয়া ইউনিয়নের বাশবাড়িয়া গ্রামের হাসান শেখের স্ত্রী রানী বেগমকে একই গ্রামের নাসির শিকদার ও তার সহযোগীরা গাছের সাথে বেঁধে বেধড়ক পেটায়। এতে ঘটনাস্থলেই ওই নারী জ্ঞান হারিয়ে ফেলেন। পরে স্থানীয় চৌকিদার ও অন্য লোকজন বাঁধন খুলে রানী বেগমকে হাসপাতালে ভর্তি করেন।

রানী বেগমকে দড়ি দিয়ে গাছে বেঁধে মারপিটের একটি ভিডিও ঘটনার এক দিন পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। তিনি এখন খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। জমিজমা-সংক্রন্ত বিরোধের জের ধরে এ মারপিট হয় বলে জানা গেছে।

এ বিষয়ে থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সাইদুর রহমান বলেন, রানী বেগমকে বেঁধে পিটানোর বিষয়ে অভিযোগ পাওয়ামাত্র তা এজাহার হিসেবে গ্রহণ করা হয়েছে। একজন আসামিও রাতে গ্রেফতার হয়েছে। অপর আসামিদের গ্রেফতারের জন্য পুলিশে তৎপর রয়েছে।