কুমিল্লার চান্দিনায় ব্যবসায়িক দ্বন্দ্বে বন্ধুকে কুপিয়ে হত্যা করেছে আরেক বন্ধু। গত রোববার রাত সাড়ে ৯টায় চান্দিনা উপজেলার পশ্চিম বেলাশহর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় ওই ঘটনা ঘটে। নিহতের নাম উজ্জ্বল হোসেন (২৬)। তিনি বেলাশহর গ্রামের মোসলেম উদ্দিনের ছেলে এবং পেশায় ইলেক্ট্রিক ডেকোরেশন ব্যবসায়ী। হত্যাকারী বন্ধু আব্দুল আউয়াল (২৫) একই গ্রামের রফিকুল ইসলামের ছেলে। তিনিও ডেকোরেশন ব্যবসায়ী।
প্রত্যক্ষদর্শী আব্দুল হাকিম জানান, পশ্চিম বেলাশহর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে চা দোকানটি আমার। রোববার রাত আনুমানিক সাড়ে ৯টায় আমার দোকানের খানিকটা দূরে প্রস্রাব করতে বসেন উজ্জ্বল। এ সময় কোত্থেকে তার বন্ধু আউয়াল এসে তাকে এলোপাতাড়ি কোপাতে থাকে। উজ্জ্বলের চিৎকার শুনে আমি ও দোকানে বসা আরো কয়েকজন বের হয়ে দেখি আউয়াল দৌড়ে পালিয়ে যাচ্ছে।
উজ্জ্বলকে প্রথমে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে রাত ১২টার পরে ঢাকায় নিয়ে যাওয়ার পথে উজ্জ্বলের মৃত্যু হয়।
নিহতের স্ত্রী বিউটি আক্তার জানান, আব্দুল আউয়াল এবং আমার স্বামী দীর্ঘ দিন ধরে ইলেক্ট্রিক ডেকোরেশনের ব্যবসা করে আসছে। তবে, প্রায় এক বছর আগে তাদের মধ্যে দ্বন্দ্ব হয়। ধারণা করছি ওই ব্যবসায়িক দ্বন্দ্বেই আমার স্বামীকে হত্যা করা হয়েছে।
চান্দিনা থানার ওসি সাহাবুদ্দীন খান জানান, নিহতের লাশ ময়নাতদন্তের পর পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় নিহতের বাবা মোসলেম উদ্দিন বাদি হয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। আসামি গ্রেফতারের চেষ্টা চলছে।