গাজীপুরের কালীগঞ্জে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) লাঞ্ছিতের ঘটনায় স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের পাঁচ নেতাকর্মীকে বহিষ্কার করা হয়েছে।
সোমবার কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এইচএম আবু-বকর চৌধুরী স্বাক্ষরিত এক চিঠিতে বিষয়টি নিশ্চিত করেন।
বহিষ্কৃতরা হলেন মোক্তারপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল হেকিম, সদস্য মো: জাকির হোসেন, ওই ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য মো: আকরাম হোসেন, ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক মো: ফয়সাল ফকির এবং ২ নম্বর ওয়ার্ড যুবলীগের সাংগঠনিক সম্পাদক মো: জাইদুল।
উল্লেখ্য, কালীগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে মোক্তারপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলমগীর হোসেনের নেতৃত্বে ইউএনও-সহ সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ওপর হামলা ও ভাংচুরের ঘটনা ঘটে। এ ঘটনায় শনিবার (৩০ সেপ্টেম্বর) দিবাগত রাত ২টা ১০ মিনিটে উপজেলা নির্বাহী কর্মকর্তা কার্যালয়ের আনসার সদস্য এনায়েতুল্লাহ (৩২) মামলা করেন। মামলায় মোক্তারপুর ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান আলমগীর হোসেনকে প্রধান ও দুই ইউপি সদস্যসহ আওয়ামী লীগের ১৫ নেতাকর্মীর নাম উল্লেখ করা হয়। অজ্ঞাত আরো ২৫ জনকে ওই মামলায় আসামি করা হয়েছে।



