ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় ফাতেহা আক্তার নামে সাত বছরের এক শিশুকে মুক্তিপণ না দেয়ায় হত্যা করেছে অপহরণকারীরা। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (২ অক্টোবর) দিবাগত রাতে উপজেলার দরিয়াদৌলত ইউনিয়নের শুঁটকিকান্দি গ্রামের একটি ডোবা থেকে লাশটি উদ্ধার করে পুলিশ।
শিশু ফাতেহা ওই গ্রামের বাছেদ মিয়ার মেয়ে।
গ্রেফতাররা হলেন নিহত শিশুর ফুফাতো ভাই, দরিয়াদৌলত গ্রামের রাজ্জাক মিয়ার ছেলে নাজিম (১৯) ও শুঁটকিকান্দি গ্রামের মমিন মিয়ার ছেলে আলাউদ্দিন (২১)। তাদের বিরুদ্ধে মঙ্গলবার দুপুরে মামলা করেছেন নিহতের মা রুমি আক্তার।
বাঞ্ছারামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: নুরে আলম বলেন, শিশুটি গত ৩০ আগস্ট বাড়ি থেকে নিখোঁজ হয়। পরে পরিবারের সদস্যরা সম্ভাব্য সব জায়গায় খোঁজ করেও তার সন্ধান পায়নি। এরই মধ্যে ফোন করে চার লাখ টাকা মুক্তিপণ দাবি করে অপহরণকারীরা। তবে মুক্তিপণ দেয়নি পরিবার। বিষয়টি জানালে তদন্ত শুরু করে পুলিশ। প্রযুক্তির সহায়তায় সোমবার সন্ধ্যায় পুলিশ দুই তরুণকে আটক করে। তাদের দুজনের ফোনে শিশুটিকে অপহরণ ও মুক্তিপণ দাবি সংক্রান্ত চ্যাটিং (বার্তা আদান-প্রদান) পাওয়া যায়। তাদের জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তারা শিশুটিকে হত্যার পর ডোবার পানিতে লুকিয়ে রাখার কথা স্বীকার করে। পরে রাত সাড়ে ৯টার দিকে তাদের দেখানো ডোবা থেকে শিশু ফাতেহার লাশ উদ্ধার করে পুলিশ।



