চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় স্ত্রী সাবিনা খাতুনকে (৩৫) উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় সাখাওয়াত হোসেন ফরজ (৫৫) নামে এক ব্যক্তিকে মারধর করার অভিযোগ উঠেছে।
মঙ্গলবার সকালে উথলী উথলী মালোবাড়ী এলাকায় এ ঘটনা ঘটে।
জানা গেছে, ফরজ জীবননগর উপজেলার বাঁকা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক এবং হামলাকারী স্থানীয় আওয়ামী লীগ কর্মী।
অন্যদিকে হামলাকারী আব্দুস সামাদ (৪৭) একই গ্রামের মরহুম সুবাদ মন্ডলের ছেলে।
ভুক্তভোগী ফরজ বলেন, ‘অভিযুক্ত সামাদ আমার স্ত্রীকে দীর্ঘদিন ধরে নানাভাবে উত্যক্ত করে আসছিল। আমি তাকে (সামাদ) বারবার সতর্কও করি, কিন্তু তারপরও সে একই কাজ করতে থাকেন। এ বিষয়ে আমি তাকে নিষেধ করায় সে আমার ওপর ক্ষিপ্ত হয়। এ অবস্থায় মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে আমি মেয়েকে স্কুলে পৌঁছে দেয়ার জন্য মোটরসাইকেল যোগে বাড়ি থেকে রওনা হই। এ সময় সামাদ তার তিন সহযোগীকে নিয়ে আমাকে উথলী মালোবাড়ী নামক রাস্তায় বেরিকেড দেয়। পরে আমি কোনো কিছু বুঝে ওঠার আগেই আমাকে মারপিট শুরু করে দেয়।’
তিনি আরো বলেন, ‘ঘটনার সময় তার (সামাদ) হাতে একটি ‘দা’ ছিল। তা দিয়ে আমার মাথায় কোপ দেয়ার চেষ্টা করে, কিন্তু ভাগ্যক্রমে আমি রক্ষা পেয়ে যাই।’
এ বিষয়ে উথলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হান্নান বলেন, উত্যক্ত করার বিষয়টি সত্য নয়। তবে তাদের মধ্যে সৃষ্ট একটি ঘটনা নিয়ে গ্রাম্য সালিস বৈঠকে তার (ফরজ) স্ত্রী সাবিনা খাতুন তাকে (সামাদ) স্যান্ডেল দিয়ে আঘাত করে। ওই ঘটনার জের ধরে তাকে (ফরজ) ঘটনাস্থলের রাস্তায় কিল ঘুষি, ধাক্কা দিয়েছে বলে শুনেছি। তবে বিষয়টি আমরা নিজেরা বসে ঠিক ফেলব।
জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম জাবিদ হাসান বলেন, ঘটনার ব্যাপারে একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি তদন্ত করে কার্যকরী ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।



