নারায়ণগঞ্জের বন্দরে তুচ্ছ ঘটনার জেরে প্রতিবেশী ভাড়াটিয়ার কোদালের কোপে এক গৃহবধূ নিহত হয়েছেন।

বুধবার সন্ধ্যার আগে নবীগঞ্জ শান্তিরবাগ এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত গৃহবধূ সাবিনা আক্তার পান্না (২৮) উপজেলার নবীগঞ্জের শান্তিরবাগ টি হোসেন গার্ডেন এলাকার মো: রাজিব মিয়ার স্ত্রী।

স্থানীয়রা জানায়, রাজিব মিয়ার ছেলেসহ অন্য শিশুরা পাশের মোশারফ মিয়ার বাড়িতে খেলা করছিল। এতে ওই বাড়ির ভাড়াটিয়া আব্দুর রহমান উত্তেজিত হয়ে শিশুদের গালাগাল শুরু করেন। ওই সময় সাবিনা আক্তার ভাড়াটিয়া আব্দুর রহমানের সাথে তর্কে জড়িয়ে পড়েন। এর একপর্যায়ে আব্দুর রহমান কোদাল দিয়ে সাবিনার মাথায় আঘাত করেন এবং ঘটনাস্থালেই তার মৃত্যু হয়।

বন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু বকর সিদ্দিক জানান, লাশের সুরতহাল প্রস্তুত করে মর্গে পাঠানো হয়েছে। ঘটনার পর ভাড়াটিয়া আব্দুর রহমান পালিয়ে যান। থানায় মামলার প্রস্তুতি চলছে।