কক্সবাজার শহরের ব্যস্ততম এলাকা খুরুশকুল সড়কের মাথার ফুটপাথ দখল করে রমরমা বাণিজ্য চালিয়ে যাচ্ছেন হকাররা। আর এতে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে পথচারীদের। বছরের পর বছর এমন অবস্থা চলে এলেও পৌরসভা ফুটপাথ দখলমুক্ত করতে কোনো উদ্যোগ নিচ্ছে না বলে অভিযোগ এলাকাবাসী ও পথচারীদের। আরো অভিযোগ উঠেছে, এ সুযোগকে কাজে লাগিয়ে ফুটপাথ ও সড়ক ভাড়া দিয়ে হকারদের দোকান বসানোর বিনিময়ে তাদের কাছ থেকে মোটা টাকা হাতিয়ে নিচ্ছে একটি সিন্ডিকেট। এই সিন্ডিকেটের বিরুদ্ধে মুখ খুললেই চলে অমানুষিক নির্যাতন। নির্যাতনের শিকার ভুক্তভোগী মিজানুর রহমান নামে এক ব্যক্তি গত ১২ সেপ্টেম্বর কক্সবাজার সদর মডেল থানায় সিন্ডিকেটের বিরুদ্ধে একটি এজাহারও করেছেন।
এজাহারে জানা যায়, একটি সিন্ডিকেট ফুটপাথ দখল করে হকার, মাছ বাজার, ভ্যান গাড়ি, টমটম ও সিএনজি স্টেশন বসিয়ে অবৈধভাবে চাঁদাবাজি করে থাকে। ফুটপাথ ব্যবসায়ীদের দখলে থাকায় পথচারীরা চলাচল করতে না পারায় বাধ্য হয়ে প্রধান সড়কের ওপর দিয়ে চলাচল করতে হয়। ফলে সারাক্ষণ যানজট লেগে থাকে এবং অনেক সময় দুর্ঘটনাও ঘটে।
গত ১১ সেপ্টেম্বর তারাবনিয়া ছড়া এলাকার মিজানুর রহমান বাড়ি ফেরার পথে ফুটপাথ দিয়ে চলাচলে বাঁধাগ্রস্ত হলে প্রতিবাদ করায় চাঁদাবাজ সিন্ডিকেটের ৫-৬ সন্ত্রাসীর দ্বারা তিনি নির্যাতনের শিকার হন। নির্যাতনের শিকার ভুক্তভোগী মিজানুর রহমান পাঁচজনকে আসামি করে থানায় একটি এজাহার দায়ের করেন। এজাহারভুক্ত আসামিরা হলো-দক্ষিণ তারাবনিয়ার ছড়ার হেলাল উদ্দিন, রোহাল, রুবেল, বাবু ওরফে টুকাই বাবু ও বেলাল উদ্দিন। আসামিরা ফুটপাথ দখল করে ভ্রাম্যমাণ ব্যবসায়ীদের কাছ থেকে ভাড়া বাবদ ১০ থেকে ১৫ হাজার টাকা করে নেন বলে অভিযোগ রয়েছে।
সরেজমিন গিয়ে দেখা যায়, খুরুশকুল সড়কের মাথার ফুটপাথ ও সড়ক দখলে নিয়ে অবৈধভাবে গড়ে তোলা দোকানগুলোতে হরেক রকম খাদ্যদ্রব্য ও পণ্য বেচাকেনা করে চলেছেন হকাররা। ফলে চলাচলের জায়গা না থাকায় বাধ্য হয়ে মূল সড়ক দিয়ে হাঁটতে হচ্ছে পথচারীদের।
পথচারী আহসান সৌরভ বলেন, ফুটপাথ দখলে থাকায় রাস্তা দিয়ে চলাচল করতে হয়। গত সপ্তাহে আমার এক বন্ধু এদিক দিয়ে চলাচলের সময় দুর্ঘটনার শিকার হয়েছেন। একই অবস্থা দেখা যায়, বাজারঘাটা ও লাল দীঘিরপাড়ে।
বিষয়টি দৃষ্টি আকর্ষণ করা হলে প্রধান সড়কের ফুটপাথ দখলমুক্ত করতে অভিযান চালানো হবে বলে জানিয়েছেন কক্সবাজার পৌরসভার নবনির্বাচিত মেয়র মাহবুবুর রহমান চৌধুরী। এ সময় তিনি আরো বলেন, এক দিকে দখলমুক্ত করলে অন্য দিকে দখল করে নেয় ব্যবসায়ীরা। শিগগিরই প্রধান সড়কের দুই পাশ দখলমুক্ত করা হবে। এগুলো জনসাধারণের চলাচলের জন্য উন্মুক্ত করা হবে বলেও জানান তিনি।
কক্সবাজারে হকারদের দখলে ফুটপাথ
কক্সবাজার শহরের ব্যস্ততম এলাকা খুরুশকুল সড়কের মাথার ফুটপাথ দখল করে রমরমা বাণিজ্য চালিয়ে যাচ্ছেন হকাররা। আর এতে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে পথচারীদের। বছরের পর বছর...



