চারদিনেও চালু হয়নি ঢাকার সাথে রাজবাড়ীর বাস চলাচল। এতে ভোগান্তিতে পড়েছে ঢাকাগামী ও ঢাকা থেকে রাজবাড়ীগামী যাত্রীরা। তবে কবে নাগাদ এই রুটে বাস চালু হবে তা মালিক সমিতি ও প্রশাসনও জানাতে পারচ্ছেন না।

ফরিদপুরের গোল্ডেন লাইন পরিবহনের সাথে রাজবাড়ী বাস মালিক সমিতির দ্বন্দ্বের জেরে সোমবার (২ অক্টোবর) থেকে বন্ধ রয়েছে রাজবাড়ী সাথে ঢাকার বাস চলাচল। ফলে ভোগান্তিতে পড়েছে ঢাকাগামী ও ঢাকা থেকে রাজবাড়ীগামী যাত্রীরা। যাত্রীদের লোকাল বাসে যেতে হচ্ছে ঢাকা। আর গত দু’দিন যাবৎ লাগাতার বৃষ্টির কারণে যাত্রীদের দূভোর্গ বেড়েছে কয়েকগুণ।

তবে বিষয়টি সমাধানের জন্য রাজবাড়ী জেলা প্রশাসকের উদ্যোগে আগামী ৮ অক্টোবর (রোববার) ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে একটি সভা অনুষ্ঠিত হবার কথা রয়েছে। সেখান থেকে হয়তো বিষয়টির সমাধান হতে পারে।

রাজবাড়ীর জেলা প্রশাসক আবু কায়সার খান বলেন, আগামী রোববার দুপুর ১২টায় ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে বিষয়টি সমাধানের জন্য একটি বৈঠকের আয়োজন করা হয়েছে। সেখান থেকেই একটা সমাধান আসবে। তার আগে বাস চলাচল স্বাভাবিক করার জন্য আমরা চেষ্টা করছি।

জানা গেছে, ফরিদপুরের গোল্ডেন লাইন পরিবহনের দু’টি বাস রাজবাড়ী-ঢাকা রুটে চলাচলের অনুমতি দেয় রাজবাড়ী বাস মালিক সমিতি ও ঢাকার বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশন। কিন্তু গোল্ডেন লাইন পরিবহন দু’টি ট্রিপের স্থানে প্রতিদিন পাঁচ থেকে ছয়টি বাস চালু করে ঢাকা-রাজবাড়ী রুটে। এর পরিপ্রেক্ষিতে রাজবাড়ী বাস মালিক সমিতি থেকে গোল্ডেন লাইনের দু’টি বাস রেখে বাকি বাসের যাত্রী নামিয়ে খালি বাস ফেরত পাঠায়। এর পরিপ্রেক্ষিতে রোববার (১ অক্টোবর) সন্ধ্যায় ঢাকার গাবতলীতে গোল্ডেন লাইন পরিবহনের শ্রমিকেরা রাজবাড়ী সকল বাস কাউন্টার বন্ধ করে দেয়। একইসাথে ঘোষণা দেয় রাজবাড়ীর কোনো বাসা ঢাকায় আসবে না, আবার ঢাকা থেকেও কোনো বাস রাজবাড়ী যাবে না। তারপর সোমবার সকাল থেকে রাজবাড়ীর সাথে ঢাকার সরাসরি বাস চলাচল বন্ধ রয়েছে।

রাজবাড়ী বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক বলেন, কিছুদিন আগে রাজবাড়ী বাস মালিক সমিতির সাথে আলোচনা না করেই গোল্ডেন লাইন ঢাকা রাজবাড়ী রুটে বাস চালু করে। তখন আমরা বাধা দিলে দু’দিন বাস বন্ধ থাকার পর আলোচনার মাধ্যমে তাদের দু’টি বাস চলাচল করার অনুমতি দেয় রাজবাড়ী বাস মালিক সমিতি ও ঢাকার বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশন। কিন্তু এখন তারা ইচ্ছামতো বাস চালু করছে। দু’টির স্থানে ছয়টি বাসও চালিয়েছে। এজন্য আমরা তাদের দু’টি বাস রেখে বাকি বাস চলাচলে বাধা দেই। এজন্য তারা আমাদের গাবতলী সকল বাসের কাউন্টার বন্ধ রাখে। গোল্ডেন লাইন গায়ের জোরে এসব করছে।