ভোলার লালমোহনে ১০ বছরের শিশু ধর্ষণের শিকার হয়েছে। ঘটনার পরপরই ধর্ষণকারীকে আটক করা হয়েছে।

শুক্রবার (৬ অক্টোবর) সকালে উপজেলার চরভূতা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে।

ধর্ষণকারীর নাম হোসেন। সে একই গ্রামের পাশের বাড়ির নসুর ছেলে।

ধর্ষণের শিকার শিশুকে রক্তাক্ত অবস্থায় লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এ ঘটনায় লালমোহন থানায় মামলা করে শিশুর ফুফু সাহিদা বেগম।

সাহিদা বেগম জানান, তার ভাতিজি জন্মের পর পরই তার ভাই শিশুর বাবা কবির নিখোঁজ হয়ে যায়। এখন পর্যন্ত কোনো হদিস পাওয়া যায়নি। শিশুর মা শিলার পরে অন্য জায়গায় বিয়ে হয়। শিশুটি ছোটবেলা থেকেই চাচা রাসেলের কাছে থাকে। রাসেলকেই বাবা বলে ডাকে। শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে বাড়ির পাশে খাল পাড়ে যায় সে। হোসেন একা পেয়ে শিশুটিকে জোরপূর্বক ধর্ষণ করে। পরে শিশুটি ফুফুকে ঘটনা জানালে ধর্ষণকারী হোসেনকে আটক করে পুলিশে খবর দেয়া হয়। পুলিশ হোসেনকে গ্রেফতার করে।

লালমোহন থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম মাহবুব উল আলম জানান, ধর্ষণের ঘটনায় তার ফুফু একটি মামলা করেন। যেহেতু আসামি হোসেনকে গ্রেফতার করা হয়েছে ১৫ দিনের মধ্যেই এই মামলার চার্জসীট দেয়া হবে বলে জানান ওসি। শিশুর মেডিক্যাল পরীক্ষার জন্য ভোলা পাঠানো হবে।