লালমনিরহাটের কালীগঞ্জে বড় জা'কে বিদ্যুৎস্পৃষ্ট থেকে বাঁচাতে গিয়ে একসাথে দুই জায়ের মৃত্যু হয়েছে।

শুক্রবার (৬ অক্টোবর) দুপুর ২টার দিকে উপজেলার তুষভান্ডার ইউনিয়নের টেপাটারি গ্রামে এ ঘটনা ঘটে।

মৃত ব্যক্তিরা হলেন তুষভান্ডার ইউনিয়নের দক্ষিণ ঘনেশ্যাম (টেপাটারী) এলাকার স্থায়ী বাসিন্দা বাবলু মিয়ার স্ত্রী ফিরোজা বেগম (৪২) ও একাব্বর মিয়ার স্ত্রী নিলুফা বেগম (৩৮)। দুই জায়ের তিন সন্তান করে ছয় সন্তানের মা তারা।

সরেজমিনে জানা যায়, বাবলু মিয়া ও একাব্বর মিয়া উভয়ে আপন সহোদর ভাই। তারা একই বাড়িতে বসবাস করে আসছে। দুপুরে বাবলু মিয়ার স্ত্রী ফিরোজা বেগম গোসল করতে গেলে গোসলখানার টিনের বেঁড়ায় থেকে বিদ্যুতস্পৃষ্ট হয়ে গোসলখানায় পড়ে যান। এ অবস্থা দেখে নিলুফা এগিয়ে তাকে উদ্ধার করার চেষ্টা করলে তিনিও বিদ্যুতের শক খেয়ে মাটিতে লুটিয়ে পড়েন।

স্থানীয় ব্যক্তি ওসমান গনি জানান, আহত দু’জনকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসারত ডাক্তার তাদের উভয়কে মৃত ঘোষণা করেন।

তুষভান্ডার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুর ইসলাম আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।