ভোলার লালমোহন উপজেলা কৃষক লীগের সভাপতি ও লালমোহন বাজার আড়ৎ মালিক ব্যবসায়ী সমিতির সভাপতি মো: মোখলেছ বকসীকে হত্যাচেষ্টার ঘটনায় সংবাদ সম্মেলন করা হয়েছে।

শনিবার সকালে লালমোহন প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে এক লিখিত বক্তব্যে তিনি হামলার বিষয়টি তুলে ধরেন।

এ সময় তিনি বলেন, মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) বাদ মাগরিব লালমোহন পৌরশহরের ১১ নম্বর ওয়ার্ডের নিজ বাসা থেকে বাজারে তার ব্যবসা প্রতিষ্ঠানের উদ্দেশে রওয়ানা দেই। পরে বাসার অদূরে রাস্তার উপর একদল সন্ত্রাসী পেছন থেকে মাথায় আঘাত করে। এ সময় হামলকারী কয়েকজনকে চিনতে পারলেও মাথায় আঘাতের ফলে জ্ঞান হারিয়ে ফেলি।

মোখলেছ বকসী আরো বলেন, দীর্ঘ দু’সপ্তাহের চিকিৎসা শেষে বাড়ি ফিরে উদ্ধারকারীদের মাধ্যমে জানতে পারেন, হামলাকারীরা আমাকে ভোলা-চরফ্যাশন আঞ্চলিক মহাসড়কের মাঝখানে শুইয়ে রেখে আমারই ব্যবহৃত ছাতা দিয়ে মাথা ঢেকে রেখেছিল। যাতে করে ব্যস্ত সড়কের যানবাহনের চাপায় পিষ্ট হয়ে হামলার ঘটনাটি সকলের কাছে দুর্ঘটনা বলে মনে হয়। হামলাকারীদের মূল উদ্দেশ্য ছিল হত্যা নিশ্চিত করা, কারণ তারা আমার কাছ থেকে ব্যবহৃত মোবাইল কিংবা সাথে থাকা টাকা-পয়সা কিছুই নেয়নি।

তিনি বলেন, আমার রাজনৈতিক, ব্যবসায়িক কিংবা জমি-জমা সংক্রান্ত বিষয়ে অনেকের সাথে মত-বিরোধ থাকতে পারে। তবে কেন এ হত্যাচেষ্টা করা হয়েছে, তা জানা নেই।

এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে জানিয়ে ন্যায় বিচার পেতে সকলের সহযোগিতা কামনা করেন তিনি।