শেরপুরের শ্রীবরদীতে তক্ষকসহ চার জনকে আটক করেছে পুলিশ। শুক্রবার রাত ১০টার দিকে উপজেলার রানীশিমুল ইউনিয়নের ভায়াডাঙ্গা বাজারস্থ গরু হাটের সামনের পাকা রাস্তা থেকে তাদেরকে আটক করা হয়। আটকককৃতরা হলো রফিকুল ইসলাম (৪০), হারুন মিয়া (৩০), সুজন মিয়া (২৩) ও শাহিন মিয়া (১৯)। এ ঘটনায় শনিবার সকালে বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) এবং বন আইনে শ্রীবরদী থানায় একটি মামলা দায়ের করেছে পুলিশ।
পুলিশ ও মামলা সূত্রে জানা যায়, শুক্রবার রাতে উপজেলা ভায়াডাঙ্গা বাজারের গরুর হাট সংলগ্ন পাকা রাস্তার ওপর একটি চক্র অবৈধভাবে বন্যপ্রাণী তক্ষক ক্রয়-বিক্রয় করছে- এমন গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশ অভিযানে পরিচালনা করে। এসময় ঘটনাস্থল থেকে চাঁদপুর জেলার উত্তর গোবিন্দিয়া গ্রামের আব্দুল খালেক ঢালির ছেলে রফিকুল ইসলাম, রানীশিমুল ইউনিয়নের ভায়াডাঙ্গা গ্রামের সুলতান মিয়ার ছেলে হারুন মিয়া, শ্রীবরদী পৌরসভার পোরাগড় গ্রামের খোরশেদ আলমের ছেলে সুজন মিয়া ও শেরপুর সদরের বামনের চর গ্রামের শাহজাহান মিয়ার ছেলে শাহীন মিয়াকে পুলিশ আটক করে।