চুয়াডাঙ্গার জীবননগর-চ্যাংখালি সড়কের শাখারিয়া পিচ মোড় নামক স্থানে কাঠ ভর্তি পাওয়ার টিলারের ধাক্কায় শিশু হাসিবুর রহমানের (৩) মৃত্যু হয়েছে।
রোববার সকাল ১০ টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
হাসিবুর রহমান উপজেলার সীমান্ত ইউনিয়নের শাখারিয়া পিচ মোড়ের বিপুল হোসেনের ছেলে।
প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, সকাল ১০টার দিকে বাড়ি সংলগ্ন জীবননগর-চ্যাংখালী সড়কের পাশে খেলা করছিল হাসিবুর। এ সময় হঠাৎ দৌড়ে রাস্তা পার হতে গেলে একটি কাঠ ভর্তি পাওয়ার টিলারের চাঁকায় ধাক্কা লেগে ছিটকে পড়ে গুরুতর আহত হয়। স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বিপুল হোসেন বলেন, ‘আমার ছেলে হাসিবুর ঘটনার সময় রাস্তা পার হতে গিয়ে দুর্ঘটনার শিকার হয়ে মারা যায়। এ মৃত্যুর ব্যাপারে আমি কাউকে দায়ী করতে চাই না। যা কিছু হয়েছে আল্লাহর ইচ্ছায় হয়েছে।’
সীমান্ত ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মিল্টন মোল্যা বলেন, ঘটনাটি নির্মম। তারপরও ঘটনাটি নিছক দুর্ঘটনা। যে কারণে তার বাবা ঘটনার ব্যাপারে মামলা করতে রাজি হননি।
জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম জাবিদ হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনার সাথে জড়িত ঘাতক পাওয়ার টিলারটি আটক করা হয়েছে। নিহতের পরিবার চাননি, তাই মামলা হয়নি।



