রংপুরের পীরগাছায় স্ত্রীর সাথে ঝগড়া, প্রবাসী দুই ছেলে ভরণপোষণ না দেয়া এবং ঋণের বোঝা সইতে না পেরে এবার বিয়াই বাড়িতে গিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন এক বৃদ্ধ বাবা।

রোববার (৮ অক্টোবর) সকালে ওই বৃদ্ধের লাশ উপজেলার তাম্বুলপুর ইউনিয়নের বীর নারায়ণ (আসামীপাড়া) গ্রামের বিয়াই আব্দুল আউয়াল মিয়ার বাড়ির পেছন থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।

ওই বৃদ্ধের নাম মোজাম্মেল হক (৫৫)। তিনি পাশের গোপাল (ব্যাকাটারী) গ্রামের মরহুম আহমদ উল্লাহর ছেলে।

থানা পুলিশ জানায়, নিহত মোজাম্মেল হক তিন ছেলে ও এক মেয়ের বাবা। তার বড় দুই ছেলে বিদেশে থাকেন। একমাত্র মেয়ে ঢাকায় থাকত। ছেলেদের বিদেশ পাঠাতে মোজাম্মেল হক ঋণগ্রস্থ হয়ে পড়েন। একদিকে ঋণের চিন্তা, অন্য দিকে স্ত্রী আমেনা বেগম ও প্রবাসী ছেলের স্ত্রীদের সাথে তার মনোমালিন্য চলছিল। এ নিয়ে তিনি বিকারগ্রস্থ হয়ে পড়েন এবং ঋণের চাপে মাঝে মাঝে তিনি আত্মগোপন করতেন। রোববার সকালে তার মেজ ছেলে মামুনুর রশিদের শ্বশুর আব্দুল আউয়াল মিয়ার বাড়ির পেছনে একটি গাছে ঝুলন্ত অবস্থায় মোজাম্মেল হকের লাশ দেখতে পান স্থানীয় লোকজন। পরে থানা পুলিশ খবর পেয়ে মোজাম্মেল হকের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

নিহতের স্ত্রী আমেনা বেগম বলেন, তিন দিন থেকে মোজাম্মল হক নিখোঁজ ছিলেন। তাকে বিভিন্ন স্থানে খুঁজেও পাওয়া যায়নি। মাঝে মাঝে তিনি এ রকম করত বলে থানায় জিডি করা হয়নি। আজ তার লাশ পাওয়ার খবর পাই। তবে ঋণের চাপে মোজাম্মেল হক আত্মহত্যা করতে পারেন বলে জানান স্থানীয় লোকজন।

পীরগাছা থানার উপ-পরিদর্শক (এসআই) আসিনুর রহমান বলেন, পারিবারিক মনোমালিন্য ও মাথায় সমস্যা থাকার বিষয়টি জানতে পেরেছি। লাশ থানায় নিয়ে আসা হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট পেলে বিস্তারিত জানা যাবে।

এদিকে স্থানীয় চেয়ারমেন বজরুল রশিদ ও মুকুল বলেন, সম্ভবত স্বামী-স্ত্রীর মধ্যে মনোমালিন্য ছিল।