চুয়াডাঙ্গার জীবননগরে নেশা করতে নিষেধ করায় এক কৃষককে কুপিয়ে জখম করা হয়েছে। শনিবার রাতে উপজেলার কয়া গ্রামে এ ঘটনা ঘটে। নেশা না করার পরামর্শ দেয়ায় ক্ষিপ্ত হয়ে মাদকসেবী আবু সামা (২৪) প্রতিবেশী প্রান্তিক কৃষক নওশের আলী পণ্ডিতকে (৫৫) কুপিয়ে জখম করে। পুলিশ মাদকাসক্ত আবু সামাকে গ্রেফতার করে চুয়াডাঙ্গা আদালতে সোপর্দ করেছে। ঘটনার ব্যাপারে থানায় একটি মামলা হয়েছে।
আহত নওশের আলী কয়া গ্রামেরে মুনসুর আলী পণ্ডিত ছেলে এবং মাদকাসক্ত আবু সামা একই গ্রামের চা দোকানি আলমগীর হোসেনের ছেলে।
স্থানীয়রা জানান, নওশের আলী পণ্ডিত শনিবার রাত সাড়ে ৮টার দিকে গ্রামের আলমগীর হোসেনের চায়ের দোকানে চা পান করতে যায়। সেখানে চা দোকানির ছেলে নওশের আলী তাকে নেশা ছেড়ে দেয়ার জন্য পরামর্শ দিলে আবু সামা তার ওপর ক্ষিপ্ত হয়ে ওঠে এবং অকথ্য ভাষায় গালাগাল করতে থাকে। একপর্যায়ে সে শাবল দিয়ে নওশেরকে মাথায় ও পিঠে কোপ দিয়ে মারাত্মক রক্তাক্ত জখম করে। এ সময় প্রত্যক্ষদর্শীরা নওশের আলীকে উদ্ধার করে জীবননগর হাসপাতালে জন্য ভর্তি করেন।
জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা: ছন্দা বলেন,আহত ব্যক্তিকে মাথা ও পিঠে মারাত্মক আঘাত করা হয়েছে। পিঠে রক্ত বন্ধ না হওয়ায় অবস্থা আশঙ্কাজনক মনে করে তাকে উন্নত চিকিৎসার জন্য যশোর সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
জীবননগর থানার ওসি এসএম জাবিদ হাসান বিষয়টি নিশ্চিত করে বলেন, আবু সামাকে গ্রেফতার করা হয়েছে। সে মাদকাসক্ত এবং পূর্বশত্রুতার জেরে এমন কাজ করেছে বলে জানা গেছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেয়া হচ্ছে।