ময়মনসিংহের ত্রিশালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বইলর মডেল এলাকায় পিকআপ-ভ্যানের চাপায় গাড়ির জন্য অপেক্ষমান দুই নারী গার্মেন্টসকর্মী নিহত হয়েছেন।

সোমবার (৯ অক্টোবর) সকাল ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা উপজেলার বইলর ইউনিয়নের উজান বইলর গ্রামের বাসিন্দা।

নিহতরা হলেন উপজেলার উজান বইলর গ্রামের রাসেল মিয়ার স্ত্রী সুমি আক্তার (২৫) এবং একই এলাকার আজিজুল মিয়ার স্ত্রী আম্বিয়া বেগম (৩৫)।

স্থানীরা জানায়, প্রতিদিনের মতো সকালে গার্মেন্টসে যেতে বাড়ি থেকে এক সাথে বের হন সুমি আক্তার ও আম্বিয়া বেগম। এ সময় আম্বিয়ার ছেলে ইয়াসিন (১৭) তাদের সাথে ছিলেন। মহাসড়ক পার হয়ে সড়কের পশ্চিম পাশ থেকে পূর্ব পাশে গার্মেন্টস কোম্পানির শ্রমিকবাহী বাসের অপেক্ষায় ছিলেন তারা এবং ইয়াসিন পাশের একটি ওয়াশরুমে যান। ওই সময় ঢাকাগামী দ্রুতগতির একটি পিকআপ-ভ্যান তাদের চাপা দিলে ঘটনাস্থলেই আম্বিয়া বেগম নিহত হন। গুরুতর আহত অবস্থায় সুমি আক্তারকে স্থানীয়রা উদ্ধার করে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। খবর পেয়ে আম্বিয়া বেগমের লাশ উদ্ধার করে পুলিশ।

আম্বিয়ার ছেলে ইয়াসিন বলেন, ‘আমরা এক সাথে বাড়ি থেকে বের হয়ে কোম্পানিতে যাচ্ছিলাম। আমি জরুরি কাজ সারতে পাশে গিয়েছিলাম। দুই মিনিটের মধ্যে ফিরে এসে দেখি মায়ের লাশ সড়কে পড়ে আছে।’

ত্রিশাল থানার অফিসার ইনচার্জ (ওসি) মাইন উদ্দিন জানান, ঘাতক পিকআপ-ভ্যানটি জব্দ করা সম্ভব হলেও চালক পালিয়ে গেছে। নিহতদের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।