ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে বিদ্যুৎস্পৃষ্টে প্রবাসী দুই আপন চাচাত ভাইয়ের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১০ অক্টোবর) দুপুরে উপজেলার সোনারামপুর ইউনিয়নের শান্তিপুর গ্রামে এ ঘটনা ঘটে।

বিদ্যুৎস্পৃষ্ট দুই যুবক হলেন শান্তিপুর গ্রামের অলেক মিয়ার ছেলে কাতার প্রবাসী আল-আমিন ও হেলো মিয়ার ছেলে সৌদি প্রবাসী মো: আবুল হোসেন। আল-আমিন ও আবুল হোসেন ছুটি নিয়ে দেশে বেড়াতে এসেছিলেন তারা আপন দুই চাচাত ভাই।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বাড়ির উঠানে জমে থাকা বৃষ্টির পানি সরানোর কাজ করছিল মো: আবুল হোসেন, উঠানের পাশেই একটি পরিত্যক্ত ঘরের বিদ্যুতের তার পানিতে পড়ে ডুবে ছিল। ওইস্থানে যাওয়া মাত্রই আবুল হোসেন বিদ্যুৎস্পৃষ্ট হয় লুটিয়ে পড়লে তাকে উদ্ধার করতে আলামিন এগিয়ে গিয়ে নিজেও বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে স্থানীয়রা ঘটনাস্থল থেকে তাদের উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক দু'জনকে মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বাঞ্ছারামপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নূরে আলম।

তিনি বলেন, নিজেদের পরিত্যক্ত ঘরের বিদ্যুতের তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যাওয়া ওই দুই যুবকের পরিবারের লোকজনের কোনো অভিযোগ নেই। এ কারণে তাদের লিখিত আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই প্রবাসী দুই যুবকের লাশ পরিবারের কাছে বুঝিয়ে দিয়েছে পুলিশ।