পিরোজপুরের ইন্দুরকানী উপজেলার আজাহার আলী দাখিল মাদরাসাটি দীর্ঘ চার মাস ধরে পানিবন্দী রয়েছে। বৃষ্টি হলেই পানিতে শ্রেণী কক্ষের মেঝে তলিয়ে যায়। তখন আর পাঠদানে সক্ষম হন না ক্লাস টিচার। বদ্ধ পানিতে কিলবিল করে মাশা-মছি। মশার কামড়ে শিক্ষার্থীদের অবস্থাও বিপর্যস্ত। প্রতিষ্ঠানের পক্ষ থেকে পানি নিষ্কাশনের জন্য বার বার চেষ্টা করেও কোনো সুরাহা হয়নি।
সরেজমিনে দেখা গেছে, ইন্দুরকানী উপজেলার ৫ নং চন্ডিপুর ইউনিয়নের উত্তর কলারণ গ্রামে আজাহার আলী দাখিল মাদরাসাটির অবস্থান। মাদরাসার ৪ তলা ভবনের কাজ চলমান থাকায় পাশের টিনশেডের কাঁচা স্যাঁতসেঁতে ঘরে ক্লাস চলছে। সামনে পুরো মাদরাসা মাঠ হাঁটু পানিতে তলিয়ে আছে। পানির রঙ পচে কালো রঙ ধারণ করেছে। প্রতিষ্ঠান প্রধান জানান, চার মাস ধরে মাঠ পানিতে তলিয়ে আছে। আগে পানি নিষ্কাশনের ব্যবস্থা থাকলেও সেই জমির মালিক নিজেদের প্রয়োজনে তা আটকে রাখায় এখন পানি আর নামাতে পারছে না।
পানি নিষ্কাশনের জন্য স্থানীয় ইউপি সদস্যের সহায়তায় বারবার চেষ্টা করেও কোনো সুরাহা হয়নি। তাই প্রতিষ্ঠানের পক্ষ থেকে ইন্দুরকানী উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে আবেদন করা হয়েছিল। তিনি সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে বিষয়টি দেখতে বলেন। চেয়ারম্যানের নির্দেশে স্থানীয় ইউপি সদস্য পানি নিষ্কাশনের ব্যবস্থা করলেও এক দিন পরেই তা আবার আটকে দেয়া হয়। গত সপ্তাহের বৃষ্টিতে মাদরাসার মাঠ ছাপিয়ে শ্রেণী কক্ষেও পানি উঠে যায়।
মাদরাসার সুপার মাওলানা আব্দুস সালাম জানান, ৪ মাস ধরে মাদরাসার মাঠ পানিতে তলিয়ে আছে। জরুরি ভিত্তিতে পানি নিষ্কাশন ও মাদরাসার মাঠ বালু দিয়ে ভরাট করে উঁচু করা প্রয়োজন।
৪ মাস পানিবন্দী আজাহার আলী দাখিল মাদরাসা
পিরোজপুরের ইন্দুরকানী উপজেলার আজাহার আলী দাখিল মাদরাসাটি দীর্ঘ চার মাস ধরে পানিবন্দী রয়েছে। বৃষ্টি হলেই পানিতে শ্রেণী কক্ষের মেঝে তলিয়ে যায়। তখন আর পাঠদানে সক্ষম...



