কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী খালেদ সাইফুল্লাহ হত্যা মামলার আসামি রেজাউল ইসলাম মাজেদকে চাকরিতে নিয়োগ দিচ্ছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। গত সোমবার বিশ্ববিদ্যালয়ের ৮৯তম সিন্ডিকেট সভায় তার নিয়োগের সিদ্ধান্ত নেয়া হয়েছে। যদিও নিয়োগের ক্ষেত্রে যথাযথ প্রক্রিয়া অনুসরণ না করায় এক সিন্ডিকেট সদস্য তার নিয়োগে আপত্তি (নোট অব ডিসেন্ট) দিয়েছেন। একাধিক সিন্ডিকেট সদস্যের সাথে কথা বলে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।
জানা যায়, গত ১৫ মে সেকশন অফিসারের বিপরীতে রেজাউল ইসলাম মাজেদসহ আরো কয়েকজনের মৌখিক পরীক্ষা নেয় নিয়োগ বোর্ড। সভায় একক কোনো প্রার্থীর বিষয়ে সিদ্ধান্ত নিতে না পারায় ৩ জন প্রার্থীকে নিয়ে প্যানেল তৈরি করে বিষয়টি সিন্ডিকেটে নিয়ে যাওয়ার সুপারিশ করা হয়। তবে গত ৪ অক্টোবর নিয়োগ বোর্ডের সভা বিবরণীর স্বাক্ষরের জন্য বোর্ড সদস্য প্রো-ভিসি অধ্যাপক ড. মো: হুমায়ুন কবিরকে পাঠালে তিনি শুধু একজনের সুপারিশ দেখতে পেয়ে সেখানে স্বাক্ষর না করার সিদ্ধান্ত নেন। এরপর সোমবার বিষয়টি সিন্ডিকেটে নেয়া হলে সেখানেও তিনি আপত্তি (নোট অব ডিসেন্ট) জানান। যদিও এসব বিষয়ে তাকে জিজ্ঞেস করা হলে তিনি সরাসরি কিছু বলতে রাজি হননি। তিনি বলেন, প্রক্রিয়াটি ঠিকমতো সম্পন্ন হয়নি, এটিই আমার দ্বিমতের কারণ ছিল।
নামপ্রকাশে অনিচ্ছুক এক সিন্ডিকেট সদস্য জানান, ‘মাজেদের বিষয়ে সভায় একটি নোট অব ডিসেন্ট এসেছে। তবে এ বিষয়ে মাইনোটস (সভা বিবরণী) আসলে বিস্তারিত বলা যাবে।’ এই বিষয়টি নিয়ে ২০২২ সালের ২৬ অক্টোবর নয়া দিগন্তে ‘হত্যা মামলায় অভিযুক্ত ছাত্রলীগ নেতাকে চাকরি দিতে যাচ্ছে কুবি’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়।