চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় যুবলীগ নেতা মনজুর হোসেন টাক্কুল্যা হত্যাকাণ্ডে এজাহারভুক্ত আসামি ওবায়দুল কাদের প্রকাশ ওবায়দুল্লা সুমন (৩৮) ও আল আমিন সাগরকে (৩০) গ্রেফতার করা হয়েছে। গত মঙ্গলবার রাতে পৃথক অভিযান চালিয়ে র‌্যাব তাদের গ্রেফতার করে। বুধবার ধৃত আসামিদের রাঙ্গুনিয়া মডেল থানায় সোপর্দ করা হয়েছে।
চট্টগ্রাম র‌্যাব-৭-এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) নূরুল আবছার বলেন, স্বনির্ভর রাঙ্গুনিয়া ইউনিয়নের বাসিন্দা মনজুর হোসেন টাক্কুল্যার হত্যা মামলার এজাহারভুক্ত আসামি আল আমিন সাগরকে হাটহাজারী এলাকা থেকে গ্রেফতার করা হয়। তার দেয়া তথ্যে আরেক আসামি সুমনকে চট্টগ্রামের পাঁচলাইশ এলাকা থেকে গ্রেফতার করা হয়। আইনশৃঙ্খলাবাহিনীর চোখ এড়াতে তারা আত্মগোপনে ছিল। এর আগে প্রধান আসামি পৌরসভা আওয়ামী লীগ নেতা মঈনুকে গ্রেফতার করেছে র‌্যাব।
ধৃত আসামি সুমন রাঙ্গুনিয়ার মুরাদনগরের পাঠান পাড়ার নবীর হোসেনের এবং সাগর রমজান আলীর ছেলে। গত ৮ অক্টোবর বিকেলে শান্তিনিকেতন এলাকায় মুখোশ পরিহিত সন্ত্রাসীদের গুলিতে মনজুর হোসেন টাক্কুল্যা নিহত হন।