ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের হামলার প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বরগুনার বেতাগী উপজেলার মুসলিমরা।

শুক্রবার দুপুর ২টার দিকে বাসস্ট্যান্ডের জামে মসজিদ থেকে বিক্ষোভ মিছিলটি শুরু করেন তারা।

মিছিলটি পৌর শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্ত্বরের সামনে এসে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ করেন তারা।

বিক্ষোভ মিছিলে সর্বস্তরের মুসলিমরা ‘আল আকসা আল আকসা, লাব্বাইক লাব্বাইক, বিশ্বের মুসলিম এক হও এক হও‘, আল আকসা, আল আকসা জিন্দাবাদ জিন্দাবাদ, ইসরায়েলের ইহুদিরা হুঁশিয়ার সাবধান, নারায়ে তাকবির, আল্লাহু আকবার, বদরের হাতিয়ার গর্জে উঠো আরেকবার, ইসরায়েলের কাপুরুষেরা হুঁশিয়ার সাবধান‘ ইত্যাদি স্লোগান দিতে দেখা যায়।

বিক্ষোভ মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তৃতা করেন বেতাগী ছালেহিয়া সিনিয়র আলিম মাদরাসার সহযোগী অধ্যাপক মাওলানা মো: আব্দুল হাই নেসারী, মডেল মসজিদের প্রেস ইমাম প্রভাষক মো: জিয়াউল হক, দারুস সুন্নাত মহিলা আলিম মাদরাসার অধ্যক্ষ মো: আব্দুস সালাম ও সাবেক প্যানেল মেয়র মো: হাবিবুর রহমান খান।

সমাবেশে মডেল মসজিদের প্রেস ইমাম প্রভাষক মো: জিয়াউল হক বলেন, ‘বিশ্বের কোথাও মুসলিমরা অত্যাচারিত হলে আমাদের তাদের পাশে দাঁড়ানো উচিত। নিপীড়িত ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানাতে আমিও মিছিলে অংশ নিয়েছি। বাংলাদেশ সরকারের কাছে ফিলিস্তিনিদের প্রয়োজনীয় সহযোগিতা করার অনুরোধ জানাচ্ছি।’

সমাবেশে বক্তারা বলেন, ‘ইসরায়েলের অবৈধ দখলদারির প্রতিবাদ জানাচ্ছি। আমরা মুক্তিকামী জনতার প্রতি সংহতি জানাচ্ছি। আমরা কোনো উগ্রাবাদকে সমর্থন করি না। কিন্তু বিশ্বের যে প্রান্তে অন্যায় হবে, সেখানেই আমাদের প্রতিবাদ জারি থাকবে।’