শেরপুরের নালিতাবাড়ীতে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ২০ বোতল রয়েল স্ট্যাগ এবং ১০ বোতল ম্যাজিক মোমেন্ট ভারতীয় মদসহ তিন যুবককে গ্রেফতার করেছে নালিতাবাড়ী থানা পুলিশ।
শনিবার (১৪ অক্টোবর) ভোরে উপজেলার নন্নী গ্রামীণ ব্যাংক এলাকা থেকে তাদের গ্রেফতার করার পর দুপুরে আদালতে পাঠানো হয়েছে।
গ্রেফতার ব্যক্তিরা হলেন, শেরপুর সদরের চরশেরপুর গ্রামের রফিকুল ইসলামের ছেলে সবুজ মিয়া, নলবাইদকান্দা গ্রামের আব্দুস সাত্তারের ছেলে নূর নবী ও ধোপাঘাট ব্রিজ এলাকার ইউসুফ আলীর ছেলে শফিকুল ইসলাম।
জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে নন্নী গ্রামীণ ব্যাংক এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে থানা পুলিশ। এ সময় একটি সিএনজিতে থাকা তিন যুবককে সন্দেহ হলে তাদের গতিরোধ করে তল্লাশি চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
বিষয়টি নিশ্চিত করে নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক জানান, গ্রেফতা ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে আদালতে প্রেরণ করা হয়েছে।



