আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জামালপুরের দুটি সংসদীয় আসনে মনোনয়ন প্রত্যাশী জাতীয় পার্টির দুই নেতাকে হত্যার হুমকি দেয়ার অভিযোগ পাওয়া গেছে। জামালপুর-৫ (সদর) আসনে মনোনয়ন প্রত্যাশী আনোয়ার হোসেন ও জামালপুর-২ (ইসলামপুর) আসনে মনোনয়ন প্রত্যাশী মোস্তফা আল মাহমুদকে হত্যার হুমকির অভিযোগে জামালপুর সদর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। শুক্রবার রাত ৮টার দিকে চারজনকে অভিযুক্ত করে এই জিডি করা হয়।
জিডিতে উল্লেখ করা হয়, জামালপুর সদর উপজেলার লাঙ্গল জোড়া এলাকার চান মিয়ার ছেলে জাকির হোসেন খান (৫০), বানিয়া বাজার এলাকার কাজী খোকন (৫৫), আকরাম হোসেন (৫২) ও ছোনকান্দা গ্রামের আব্দুল মালেক (৪৫) দুই মনোনয়ন প্রত্যাশীর ক্ষতি করার চেষ্টায় লিপ্ত রয়েছে। তারা গত বুধবার বিকেল সাড়ে ৩টার দিকে ‘কাজী খোকন’ নামক একটি ফেসবুক আইডি থেকে লাইভে জাপার দুই মনোনয়ন প্রত্যাশীকে মেরে হুমকি দেয়।
জামালপুর সদর আসনে মনোনয়ন প্রত্যাশী দলের কেন্দ্রীয় কমিটির সদস্য ও জামালপুর জেলা শাখার সহ-সভাপতি আনোয়ার হোসেন বলেন, হত্যার হুমকি দেয়ার বিষয়ে আইনগত প্রতিকার চেয়ে থানায় জিডি করেছি।’
জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও জামালপুর জেলা শাখার সভাপতি মোস্তফা আল মাহমুদ বলেন, ‘ফেসবুক লাইভে আমাদের বিরুদ্ধে বিভিন্ন ধরনের মানহানিকর এবং অশ্লীল ভাষায় কথা বলেছে অভিযুক্তরা। এক পর্যায়ে আমাদের দু’জনকেই মেরে ফেলার হুমকি দেয় তারা। বিষয়টি নিয়ে খুব বিব্রতকর অবস্থায় রয়েছি।
জিডির বিষয়টি নিশ্চিত করে জামালপুর সদর থানার ওসি কাজী শাহনেওয়াজ বলেন, রাত ৮টার দিকে আনোয়ার হোসেন নামের এক ব্যক্তি চারজনের নাম উল্লেখ করে হত্যার হুমকির বিষয়ে একটি সাধারণ ডায়েরি করেছেন। আমরা বিষয়টির তদন্ত ইতোমধ্যে শুরু করেছি।



