কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলায় পৃথক ঘটনায় পুকুরে ডুবে এক দিনে তিন শিশুর মৃত্যু হয়েছে। মৃত শিশুরা হলো- উপজেলার কাজিরচর মুন্সিপাড়া গ্রামের ইসমাঈল হোসেনের ছেলে মোহাম্মদ (৭), পৌরসভার দড়ি চরিয়াকোনা এলাকার সুমন মিয়ার মেয়ে হালিমা (৭) ও একই এলাকার বাচ্চু মিয়ার মেয়ে মৃত্তি (৮)।
শিশুদের স্বজন সূত্রে জানা যায়, গত শনিবার সকালে বাড়ি থেকে খেলতে বের হয় মোহাম্মদ। দীর্ঘ সময় দেখতে না পেয়ে স্বজনরা তাকে খোঁজাখুঁজির এক পর্যায়ে তাকে বাড়ির পাশের পুকুরে ভাসতে দেখেন তারা। তাকে উদ্ধার করে একটি বেসরকারি মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ দিকে পৌরসভার দড়িচরিয়াকোনা এলাকার কদমতলী মসজিদ সংলগ্ন পুকুরে শনিবার দুপুরে গোসল করতে নামে হালিমা ও মৃত্তি। পরে স্থানীয় লোকজন পুকুরে শিশুদের ভাসতে দেখেন। খবর পেয়ে স্বজনরা তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
কটিয়াদী পৌর কাউন্সিলর সুমন মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, শিশুদের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।