বাগেরহাটের চিতলমারীতে আগুনে পুড়ে কমপক্ষে চার হাজার পাখির মৃত্যু হয়েছে। এ সময় আগুনে পুড়ে প্রায় ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। রোববার ভোর ৪টায় উপজেলার সুরশাইল গ্রামের শুভ্র শেখের পাখির খামারে এ ঘটনা ঘটে। খবর পেয়ে চিতলমারী ফায়ার সার্ভিস সদস্যরা ও এলাকাবাসী মিলে আগুন নিয়ন্ত্রণে আনে। এ সময় আগুন নেভাতে গিয়ে শাকিল সুলতান রানু (৪৮), রাজু ফরাজী (২৮) ও তানজিল শেখ (১০) আহত হন। বৈদ্যুতিক সর্টশার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
তরুণ উদ্যোক্তা শুভ্র শেখ কান্নাজড়িত কণ্ঠে জানান, বেকারত্বের অভিশাপ থেকে মুক্তি পেতে তিনি ৭-৮ বছর আগে পাখির খামার শুরু করেন। তিলে তিলে গড়ে তোলেন বিশাল পাখির খামার। তার খামারে ককটেল ও বাজুরিকা জাতের কমপক্ষে চার হাজার পাখি ছিল। রোববার ভোর ৪টার দিকে আগুনের তাপে তাদের ঘুম ভেঙে যায়। উঠেই দেখেন ঘরের পাশে পাখির খামারে দাউ দাউ করে আগুন জ্বলছে। এ সময় আগুনে চার হাজার পাখি ছাড়াও নগদ ১ লাখ ৭৫ হাজার ৩০০ টাকা, দুটি ঘর, চার শতাধিক পাখির খাঁচা, কয়েক হাজার বাচ্চা ও ডিম পুড়ে প্রায় ১৫ লাখ টাকার ক্ষতি হয়েছে। তিনি আবারো মা-বাবা, ভাই-বোন ও স্ত্রী-সন্তানকে নিয়ে নিঃস্ব হয়ে পড়েছেন।
চিতলমারী ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ভারপ্রাপ্ত স্টেশন কর্মকর্তা আব্দুল অদুদ বলেন, খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে এনেছি। আমরা আসার আগেই দুটি ঘর পুড়েছে এতে অনুমানিক ১৪-১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। বৈদ্যুতিক সর্টশার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।