রাজশাহীর পুঠিয়ার বিড়ালদহ এসকেডিএস ফাজিল মাদরাসার অধ্যক্ষ হাবিবুর রহমানকে অপহরণ করা হয়েছে বলে জানা গেছে। এর প্রতিবাদ বিড়ালদহ বাজারে দেড় ঘণ্টা ঢাকা-রাজশাহী মহাসড়ক অবরোধ করে মাদারাসার শিক্ষার্থীরা।
সোমবার (১৬ অক্টোবর) সকাল পৌনে ১০টার দিকে তাকে অপহরণ করা হয়।
মাদরাসার শিক্ষার্থীরা জানিয়েছে, মাদরাসার কমিটি নিয়ে বিরোধের জেরে সকাল পৌনে ১০টার দিকে একই এলাকার মঈন, শফিকসহ কয়েকজন একটি প্রাইভেটকার নিয়ে মাদরাসা ক্যাম্পাসে আসেন। এরপর অধ্যক্ষের কক্ষে গিয়ে তাকে অস্ত্রের ভয় দেখিয়ে টেনে-হিঁচড়ে তাদের গাড়িতে করে নিয়ে যান।
এ ঘটনার প্রতিবাদে ও অধ্যক্ষের মুক্তির দাবিতে মাদরাসার শিক্ষার্থী, শিক্ষক ও স্থানীয়রা বিড়ালদহ বাজার-সংলগ্ন ঢাকা-রাজশাহী মহাসড়ক অবরোধ করে। দেড় ঘণ্টা ধরে অবরোধের ফলে রাস্তার উভয়পাশে শতশত যানবাহন আটকা পড়ে। পরে পুঠিয়া থানার পুলিশের ওই অধ্যক্ষকে এক ঘণ্টার মধ্যে অপহরণকারীদের কাছে থেকে মুক্ত করে আনা হবে- এমন আশ্বাসে সড়ক অবরোধ স্থগিত করা হয়।
স্থানীয় ইউপি সদস্য মামুন হোসেন বলেন, ‘কমিটি নিয়ে বিরোধের জের ধরে সম্ভবত ওই মাদরাসার অধ্যক্ষকে অপহরণ করে এমপি গ্রুপের লোকজন।’ তবে এর বেশি কিছু বলতে অপারগতা প্রকাশ করেন তিনি।
পুঠিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি, তদন্ত) রফিকুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায়। ছাত্রছাত্রীদের রাস্তা থেকে সরিয়ে দেয়া হয়েছে এবং অধ্যক্ষকে মুক্ত করার চেষ্টা চলছে।



