সাতক্ষীরার কলারোয়ায় স্বামীর শাবলের আঘাতে রানু বেগম (৩০) নামে একজনের মৃত্যু অভিযোগ উঠেছে।

বুধবার (১৮ অক্টোবর) সকাল ৭ টার সময় কলারোয়া উপজেলার হেলাতলা ইউনিয়নের রঘুনাথপুর গ্রামে এ ঘটনা ঘটে।

ঘাতক স্বামীর নাম মুজিবুর রহমান (৩৫)। তিনি কলারোয়া পৌর সদরের গদখালী গ্রামের ইমান আলীর ছেলে।

নিহত রানু বেগম রঘুনাথপুর গ্রামের ছিদ্দিক আলীর মেয়ে।

নিহতের ভাই সাদ্দাম জানান, ভগ্নিপতি মুজিবুর রহমান তাদের বাড়ির পাশে মায়ের নির্মাণ করে দেয়া বাড়িতে থাকতো। তাদের ১০ বছর বয়সী একটি ছেলে রয়েছে। ভগ্নিপতি শ্রমিকের কাজ করে জীবিকা নির্বাহ করতো। ঠিক মত কাজ কর্ম না করায় তাদের মধ্যে সংসারে অভাব অনাটনের কারনে ঝামেলা চলছিল। বুধবার সকাল ৭টার দিকে পারিবারিক কলহের জেরে কথাকাটাকাটির একপর্যায়ে লোহার শাবল দিয়ে আমার বোন রানুর মাথায় সজোরে আঘাত করে পালিয়ে যায় মুজিবুর। এতে রানু চিৎকার করতে থাকলে পাশের লোকজনের মাধ্যমে জানতে পেরে আমরা দ্রুত তাকে উদ্ধার করে কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপেক্সে নিয়ে যায়। কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. তানভীর জামান জানান রানু বেগমের মাথার পেছনের দিকে আঘাত করা হয়েছে। হাসপাতালে নিয়ে আসার পূর্বেই তার মৃত্যু হয়েছে।

এ বিষয়ে কলারোয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তাফিজুর রহমান জানান, লাশটি উদ্ধার পূর্বক মর্গে পাঠানো হয়েছে। ঘাতক স্বামীকে গ্রেফতারের চেষ্টা চলছে।