সনাতন ধর্মাবলম্বী হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা ও লক্ষ্মীপূজা উপলক্ষে আখাউড়া স্থলবন্দর দিয়ে আগামী ২১ অক্টোবর শনিবার থেকে ২৮ অক্টোবর শনিবার পর্যন্ত সকল প্রকার আমদানি রফতানি কার্যক্রম আখাউড়া স্থলবন্দর দিয়ে বন্ধ থাকবে। তবে এ সময় যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে।
আখাউড়া স্থলবন্দর আমদানি-রফতানিকারক অ্যাসোসিয়েশন ও সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশন গত সোমবার এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই দুই সংগঠনের সাধারণ সম্পাদক যথাক্রমে শফিকুল ইসলাম ও ফোরকান আহমেদ খলিফার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।
বিষয়টি সকল সিএন্ডএফ এজেন্ট, আমদানি-রফতানিকারক প্রতিষ্ঠানের মালিক-কর্মচারীদের জানিয়ে দিয়েছেন আখাউড়া স্থলবন্দর আমদানি-রফতানিকারক অ্যাসোসিয়েশন ও সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশন।
আমদানি- রফতানিকারক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বলেন, দুর্গাপূজা এবং লক্ষ্মীপূজা উপলক্ষে ২১ অক্টোবর থেকে ২৮ শনিবার পর্যন্ত আমদানি রফতানি বন্ধ থাকবে। রোববার থেকে যথারীতি আমদানি-রফতানি কার্যক্রম শুরু হবে।



